মামলা গোপন ও আওয়ামী নেতাকে জামিনে সহায়তার অভিযোগে রংপুর থানার ওসি বদলি

রংপুর: মামলার তথ্য আদালতের কাছে গোপন রাখা এবং গ্রেফতারের পরদিনই এক আওয়ামী লীগ নেতাকে জামিন পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদেরকে সিলেটে বদলি করা হয়েছে। তিনি সোমবার (১২ অক্টোবর) রংপুর ছেড়ে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। গত ২২ সেপ্টেম্বর বিকেলে […] The post মামলা গোপন ও আওয়ামী নেতাকে জামিনে সহায়তার অভিযোগে রংপুর থানার ওসি বদলি first appeared on Sarabangla | Break

মামলা গোপন ও আওয়ামী নেতাকে জামিনে সহায়তার অভিযোগে রংপুর থানার ওসি বদলি
১৩ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

রংপুর: মামলার তথ্য আদালতের কাছে গোপন রাখা এবং গ্রেফতারের পরদিনই এক আওয়ামী লীগ নেতাকে জামিন পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদেরকে সিলেটে বদলি করা হয়েছে।

তিনি সোমবার (১২ অক্টোবর) রংপুর ছেড়ে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

গত ২২ সেপ্টেম্বর বিকেলে নগরের নিসবেতগঞ্জ এলাকা থেকে রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম দুলালকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। আদালতের একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিনই তাকে আদালতে হাজির করা হলে তিনি জামিন পান এবং এরপরই তিনি আবার আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

অভিযোগ উঠেছে, দুলালের বিরুদ্ধে কোতয়ালী থানায় জুলাই আন্দোলনের আরও তিনটি মামলা থাকলেও সেগুলোর তথ্য আদালতকে জানানো হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে নগরীর সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ১৪ মার্চ জয়নাল আবেদীন বাপ্পী নামে একজন বাদী হয়ে মামলা করেন, যেখানে দুলাল ৪৪ নম্বর আসামি। একই দিন বিকেলে কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৯ মে রমজান আলী বাদী হয়ে আরেকটি মামলা করেন। এছাড়া চলতি বছরের ২১ আগস্ট নগরীর সিও বাজার কেল্লাবন্দ এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে নাশকতার পরিকল্পনার বৈঠকের অভিযোগে ২৮ আগস্ট উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এসব মামলার তথ্য গোপন করে দুলালকে আত্মগোপনে যেতে সহায়তা করার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে।

এ ঘটনায় বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র শক্তির নেতারা ক্ষোভ প্রকাশ করে ওসিসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই ওসি একেএম নাজমুল কাদেরকে রংপুর থেকে সিলেট রেঞ্জে বদলি করা বদলি করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি উপ-কমিশনার সনাতন চক্রবর্তী।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী জুলাই আন্দোলনের হত্যা ও সহিংসতার ঘটনায় বহু মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আসামি হয়েছেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা অনেক সময় আসামিদের মামলার তথ্য গোপন করে জামিনে সহায়তা করছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রংপুরের এই ঘটনা সেই বিতর্ককে আরও তীব্র করেছে।

 

The post মামলা গোপন ও আওয়ামী নেতাকে জামিনে সহায়তার অভিযোগে রংপুর থানার ওসি বদলি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.