মন্ত্রণালয়ের ওপর ছাড়া হলো গ্রামীণফোনের ১১টি চুক্তি নবায়নের ভার  

মন্ত্রণালয়ের ওপর ছাড়া হলো গ্রামীণফোনের ১১টি চুক্তি নবায়নের ভার  
১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৪  

৪০ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের জন্য ১১টি চুক্তি নবায়নের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুমোদন দেওয়ার সুযোগ দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৩১৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকার চিকিৎসা সরাঞ্জম ও ওষুধ কেনার অনুমোদন দেয়া হয়েছে। 

১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির শেষ সভায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ((পিইডিপি-৪)) প্রকল্পের আওতায় ৪০ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের জন্য গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে সম্পাদিত ১১টি চুক্তি নবায়ন বা পুনঃনবায়ন সংক্রান্ত প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিজস্ব ক্ষমতায় অনুমোদনের জন্য ছেড়ে দিয়েছে কমিটি।

এছাড়াও বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে ডিপিএম পদ্ধতিতে ‘জিনএক্সপার্ট কার্টিজ’ ক্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহের অনুমোদন দেওয়া হয়। এ প্রস্তাবের আওতায় ১৪ লাখ ৮২ হাজার সংখ্যক জিনএক্সপার্ট কার্টিজ সংগ্রহ করা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ১২ লাখ টাকা। এ ক্ষেত্রে সুপারিশ করা দরদাতা হিসেবে জাতিসংঘের প্রকল্প সেবা দপ্তর (ইউএনওপিএস)-কে নির্বাচন করা হয়েছে।

অন্যদিকে যক্ষ্মা রোগের চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যান্টি-টিবি ড্রাগ (4FDC)’ সংগ্রহ সংক্রান্ত একটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলে সেটিও অনুমোন করেছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এ ক্ষেত্রে ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার অ্যান্টি-টিবি ড্রাগ (4FDC) কিনতে ৭৭ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। রেনেটা পিএলসি থেকে এই অ্যান্টি-টিবি ড্রাগ কেনা হবে।

সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/বিএন/ইকে