সড়ক শৃঙ্খলা ফেরাতে শ্রমিকদের কর্মপরিকল্পনা

ব্যাটারিচালিত মোটরযানে সৌর চার্জিংয়ের আট প্রস্তাব

  • ​সারা দেশে ইউনিয়ন পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর আধুনিক চার্জিং অবকাঠামো গড়ে তোলার প্রস্তাব।
  • ​চালকদের মেকানিক্যাল প্রশিক্ষণ ও আইনি সহায়তার মাধ্যমে বৈধ ড্রাইভিং লাইসেন্স দেওয়া।
  • ​প্রধান সড়কে বিশৃঙ্খলা রোধে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সঙ্গে প্রযুক্তিগত সমন্বয়।

ব্যাটারিচালিত মোটরযানে সৌর চার্জিংয়ের আট প্রস্তাব
১০ অক্টোবর, ২০২৬ ০১:১৩  

পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারি ও গ্রিন মোবিলিটি প্রযুক্তির সমন্বয়ে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ১০ অক্টোবর, শনিবার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইলেকট্রিক মোটরযান শ্রমিকদের কারিগরি দক্ষতা উন্নয়ন, নিরাপদ সড়কব্যবস্থা ও সার্বিক পরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়নে এ রূপরেখা প্রকাশ করে জাতীয়তাবাদী ব্যাটারিচালিত ইলেকট্রিক মোটরযান শ্রমিক ইউনিয়ন (নিবন্ধন নম্বর: ডিএ-০১)।

​ঘোষিত কর্মপরিকল্পনার প্রধান কারিগরি দফায় দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল ওয়ার্ড পর্যায়ে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎনির্ভর (সোলার পাওয়ার) সেন্ট্রাল চার্জিং অবকাঠামো গড়ে তোলার রূপরেখা দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর চাপ কমিয়ে সৌরপ্রযুক্তির সাহায্যে ব্যাটারিচালিত যানবাহনগুলোর জন্য নিরবচ্ছিন্ন চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

​চালকদের পেশাগত ও প্রযুক্তিগত মানোন্নয়নে দ্বিতীয় দফায় আধুনিক ট্রাফিক আইন প্রশিক্ষণ এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে আইনি ও প্রশাসনিক সহযোগিতার পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃতীয় দফায় মোটর ও ব্যাটারির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে চালক ও সহকারীদের কারিগরি দক্ষতা বাড়াতে বিশেষায়িত মেকানিক্যাল প্রশিক্ষণকেন্দ্র স্থাপন এবং নিয়মিত কর্মশালা আয়োজনের ওপর জোর দেওয়া হয়েছে।

​চতুর্থ ও পঞ্চম দফায় আধুনিক ট্রাফিক সিস্টেম ও সড়ক সুরক্ষাবিধি সম্পর্কে সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক পুলিশকে সরাসরি সহায়তা করা এবং প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল ও বিশৃঙ্খলা প্রতিরোধে সমন্বিত মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।

​কর্মসূচির সফল বাস্তবায়নে ষষ্ঠ ও সপ্তম দফায় সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র, ট্রাফিক কমিশনার এবং সরকারের নীতিনির্ধারক কর্তৃপক্ষের সাথে প্রাতিষ্ঠানিক সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অষ্টম দফায় পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রেখে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানানো হয়। আধুনিক প্রযুক্তি ও সৌরবিদ্যুৎ ব্যবহারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশবান্ধব গ্রিন মোবিলিটি খাতের সার্বিক ব্যবস্থাপনা নতুন মাত্রা পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/ইজিআর/এসএমপি/ডিপিও//