টিকিট কালোবাজারি রোধে জেলা প্রশাসনের অভিযান

এনআইডি অমিল থাকলে ট্রেনে ওঠা নিষিদ্ধ সিলেটে

  • ট্রেনের টিকিটের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের অমিল থাকলে ট্রেনে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা
  • টিকিট কালোবাজারি ঠেকাতে ১২ অক্টোবর থেকে সিলেট স্টেশনে নিয়মিত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর নজরদারি
  • সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্বপ্রণোদিত মামলার পর তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন

এনআইডি অমিল থাকলে ট্রেনে ওঠা নিষিদ্ধ সিলেটে
৯ অক্টোবর, ২০২৬ ১৬:২৪  

রেলওয়ের ইলেকট্রনিক টিকেটিং ব্যবস্থার অপব্যবহার রোধ এবং ডিজিটাল পরিচয় যাচাই নিশ্চিত করতে কঠোর প্রশাসনিক পদক্ষেপে নেমেছে সিলেট জেলা প্রশাসন। ৮ অক্টোবর, বৃহস্পতিবার রাতে সিলেট রেলওয়ে স্টেশনে সরাসরি আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ঘোষণা দেন, আগামী ১২ অক্টোবর থেকে টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল না থাকলে কোনো যাত্রীকে ট্রেনে উঠতে দেওয়া হবে না।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্টেশনের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার ও সাধারণ বগিতে পরিচালিত এ অভিযানে অংশ নেন। অভিযানে ডিজিটাল টিকিট বিক্রি প্রক্রিয়া ও যাত্রীদের প্ল্যাটফর্ম প্রবেশে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে একাধিক ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে। এমনকি তাৎক্ষণিকভাবে কয়েকজন যাত্রীর টিকিটের ব্যক্তিগত তথ্যের সঙ্গে তাদের এনআইডির গরমিল শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসনিক সিদ্ধান্ত জানিয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ১২ অক্টোবর থেকে টিকিটের তথ্যের সঙ্গে এনআইডি কার্ডের হুবহু মিল না থাকলে কোনো যাত্রীকেই ট্রেনে উঠতে দেওয়া হবে না। সিলেট থেকে রাজধানী ঢাকা কিংবা অন্য যেকোনো গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এই ডিজিটাল পরিচয় যাচাই বাধ্যতামূলক থাকবে। প্রযুক্তিগত নিয়মের সঙ্গে যাত্রীদের মানিয়ে নেওয়ার সুযোগ দিতে তিন থেকে চার দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখ থেকে স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সার্বক্ষণিক মনিটরিং থাকবে এবং জেলা প্রশাসক নিজেও সরেজমিনে তদারকি করবেন।

অতীতে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের সময় স্টেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে টিকিট যাচাই প্রক্রিয়া শুরু হয়ে ব্যাপকভাবে প্রশংসিত হলেও তাঁর বদলির পর সে উদ্যোগ বন্ধ হয়ে যায়; যার ফলে পুনরায় সক্রিয় হয়ে ওঠে অবৈধ টিকিট সিন্ডিকেট। সম্প্রতি এ বিষয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন (সিআর মামলা ০১/২০২৬)। ২২ সেপ্টেম্বর আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই), যার নথি ০১ অক্টোবর পিবিআই সিলেট কার্যালয়ে পৌঁছায়। আইনি এ পদক্ষেপের পরই রেল স্টেশনের প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারে মাঠে নামল প্রশাসন বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/এসসিজেএন/এসএমপি/ডিপিও//