রোবোট্যাক্সিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা উবারের

রোবোট্যাক্সিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা উবারের
১৫ এপ্রিল, ২০২৬ ১৭:৫৫  

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ঘোষণা দিয়েছে, তারা আগামী কয়েক বছরে স্বয়ংক্রিয় চালিত যানবাহন (রোবোট্যাক্সি) কেনা এবং তাদের নির্মাতাদের শেয়ার কিনতে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। 

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উবার তাদের লাইট-অ্যাসেট ‘গিগ ইকোনমি’ মডেল থেকে সরে এসে এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি মনে করছে, স্ট্র্যাটেজি পরিবর্তনের মাধ্যমেই তারা রোবোট্যাক্সি শিল্পের সম্ভাব্য বিঘাত এড়াতে পারবে।

প্রতিবেদন অনুযায়ী, উবার নিজেকে একাধিক রোবোট্যাক্সি অপারেটরের মার্কেটপ্লেস হিসেবে গড়ে তুলছে। তারা ইতিমধ্যে চীনের বাইডু, যুক্তরাষ্ট্রের রিভিয়ান ও লুসিডের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে। ২০২৮ সালের মধ্যে কমপক্ষে ২৮টি শহরে রোবোট্যাক্সি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।

ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চুক্তিগুলোর আওতায় উবার পরবর্তী কয়েক বছরে শেয়ার কেনায় ২.৫ বিলিয়ন ডলারের বেশি এবং রোবোট্যাক্সি বহর তৈরিতে ৭.৫ বিলিয়ন ডলার ব্যয় করবে। তবে এই চুক্তিগুলো বাস্তবায়ন নির্ভর করবে উবারের অংশীদাররা নির্দিষ্ট স্থাপনার মাইলফলক অর্জন করতে পারে কি না, তার ওপর।

উবারের এই বিনিয়োগ তাদের সাবেক স্ট্র্যাটেজির বিপরীত। ২০২০ সালে প্রতিষ্ঠানটি তাদের স্বায়ত্তশাসিত যান বিভাগ ৪ বিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছিল। তখন কোম্পানির প্রধান নির্বাহী দার খসরোশাহি বারবার বলতেন, উবার সম্পদ-নির্ভর নয়, বরং এটি একটি মার্কেটপ্লেস মাত্র। কিন্তু বর্তমানে কোম্পানিটি নিজেরাই রোবোট্যাক্সির বহর গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার পর কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি অংশীদারিত্বের কারণে সম্প্রতি রোবোট্যাক্সির প্রতি আগ্রহ বেড়েছে। এই প্রযুক্তি জটিল ট্রাফিক পরিস্থিতি সমাধান ও ব্যয় হ্রাসের আশা জাগিয়েছে। স্টারলিংক ও টেসলার মতো প্রতিযোগীদের মোকাবিলায় উবারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: রয়টার্স