কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম গবেষণায় জোর
আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- জমা পড়া ৬১৬টি গবেষণাপত্রের মধ্যে নির্বাচিত ২১২টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে
- আটটি বিশেষায়িত ট্র্যাকে এজেন্টিক এআই, কোয়ান্টাম কম্পিউটিং ও সাইবার সুরক্ষা প্রাধান্য পাচ্ছে
- দেশীয় বাস্তব সমস্যার সমাধানে তরুণ গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সেতুবন্ধন তৈরির উদ্যোগ
কম্পিউটেশনাল সায়েন্সের আধুনিক অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং এজ-সিস্টেম প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে বৈশ্বিক গবেষকদের মেলবন্ধন ঘটাতে রাত পোহালেই শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস (কম্পাস) সম্মেলন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এবারের সম্মেলনে জমা পড়া ৬১৬টি গবেষণাপত্রের মধ্যে কঠোর পিয়ার-রিভিউ শেষে ২১২টি গৃহীত হয়েছে, যা মোট জমাকৃত গবেষণার ৩৪ দশমিক ৪ শতাংশ।
সম্মেলনের মূল পরিসরে আটটি গবেষণা ট্র্যাক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট সিস্টেম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি), ভিজ্যুয়াল কম্পিউটিং, ডেটা অ্যানালাইসিস, সাইবার-ফিজিক্যাল ও এজ সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম ও নিরাপত্তা এবং ভবিষ্যৎমুখী কোয়ান্টাম কম্পিউটিং। সিএসই বিভাগে টেকনিক্যাল সেশন এবং বাংলা একাডেমিতে মূল প্রবন্ধ ও প্লেনারি সেশন পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জীববৈজ্ঞানিক চিত্র বিশ্লেষণ, পরিবহন নেটওয়ার্কের নিরাপত্তা, স্বাস্থ্য ও কৃষিতে ফাউন্ডেশন মডেল এবং এজেন্টিক এআইয়ের অ্যালগরিদমিক কাঠামো নিয়ে আলোচনা করছেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত বিশেষ প্লেনারি সেশনে উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার, লার্নিং মূল্যায়ন, গবেষণার সততা, কম্পিউটিং অবকাঠামো এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি যৌথ গবেষণা নিয়ে মতবিনিময় করবেন ইউজিসি, বিডিরেন ও ব্যাংক খাতের প্রতিনিধিরা। সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ঢাবির সিএসই বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. মো. মামুনুর রশিদের উপস্থিতিতে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় ৮ অক্টোবর, বৃহস্পতিবার।
//ডিবিটেক/জেএনও/এসএমপি/বিপিও//





