ভার্চুয়াল আর বাস্তবতার মিলনমেলায় টগুমগুর মা দিবস উদযাপন
মা দিবসকে ঘিরে ভার্চুয়াল কমিউনিটি আর বাস্তব অভিজ্ঞতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু-এর দুইদিনব্যাপী বিশেষ আয়োজন। রাজধানীর উত্তরায় টগুমগু প্যারেন্টিং হাবে ৮ ও ৯ মে অনুষ্ঠিত এ উৎসবে শিশু, মা-বাবা ও পরিবারগুলোর সরব অংশগ্রহণে তৈরি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
ডিজিটাল প্যারেন্টিং প্ল্যাটফর্মের ভার্চুয়াল সংযোগকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে আয়োজনে রাখা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দঘন পাপেট শো, আকর্ষণীয় ম্যাজিক শো, ইন্টারঅ্যাকটিভ গেম, ক্রাফটিং সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের সৃজনশীলতা, পারিবারিক বন্ধন এবং আনন্দঘন মুহূর্তগুলো পুরো আয়োজনজুড়ে ছিল বিশেষ আকর্ষণ।
উৎসবের শেষ দিন ৯ মে, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় টগুমগুর মা দিবস কুইজের পুরস্কার বিতরণী। কুইজে অংশ নেওয়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করে পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় লাইভ মিউজিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এ ছাড়া শিশুদের বিকাশ, ইতিবাচক প্যারেন্টিং ও পরিবারে মানসম্মত সময় কাটানোর গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর এই সময়ে অনলাইন কমিউনিটির বাইরে বাস্তব জীবনে পরিবারগুলোর পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা জানান, এ ধরনের উদ্যোগ পরিবারকেন্দ্রিক সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে সহায়তা করবে।
ডিবিটেক/এসআই/ইকে



