চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সৈয়দ আবদাল আহমদ; অপতথ্য-গুজব মোকাবিলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

স্বাধীন সাংবাদিকতার স্বার্থে গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

গণমাধ্যমের সার্বিক উন্নয়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী করতে সরকার একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, গণমাধ্যম-সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে কমিশন গঠন করা হবে এবং এটি স্বাধীন গণমাধ্যমের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

স্বাধীন সাংবাদিকতার স্বার্থে গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা
৪ জুলাই, ২০২৬ ১৭:১৫  

গণমাধ্যমের সার্বিক উন্নয়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ শক্তিশালী করতে সরকার একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রামে বিভিন্ন দৈনিক পত্রিকার ব্যুরো অফিস পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, গণমাধ্যম-সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে কমিশন গঠন করা হবে। স্বাধীন গণমাধ্যমের স্বার্থ সংরক্ষণ এবং সাংবাদিকতার পেশাগত পরিবেশ আরও শক্তিশালী করাই হবে এ কমিশনের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, বর্তমানে অপতথ্য ও গুজব স্বাধীন সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ। পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচারের কার্যকর মোকাবিলা করতে হবে।

সৈয়দ আবদাল আহমদ বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের কাছ থেকে তোষামোদ নয়, বরং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। দেশের অগ্রগতি এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম অতীতের স্বৈরাচারী শাসনামলের ধারা অনুসরণের চেষ্টা করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত শক্তির পক্ষে বিভ্রান্তিকর বয়ান তৈরির অপচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে। সরকার এসব বিষয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

এর আগে বান্দরবানে তথ্য অধিদপ্তর আয়োজিত সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠ-এর বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ মতবিনিময় সভায় অংশ নেন প্রধান তথ্য কর্মকর্তা। সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সহকারী সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া আরিফ এবং সাংবাদিক মজুমদার নাজিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/বিএন/এমআই//