ই-কমার্সের সুবিধার্তে ভার্চুয়াল পোশাক পরিয়ে দেবে চ্যাটজিপিটি
অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সহকারী ‘চ্যাটজিপিটি’-তে বিশ্বব্যাপী দুটি নতুন শপিং ফিচার যুক্ত করেছে ওপেনএআই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘ভার্চুয়াল ট্রাই-অন’, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের কোনো ছবি বা সেলফি আপলোড করে সহজেই দেখে নিতে পারবেন কোনো একটি নির্দিষ্ট পোশাক বা অনুষঙ্গ তাদের শরীরে কেমন মানাবে।
চ্যাটজিপিটির শপিং ফলাফলে যুক্ত হওয়া নতুন ‘ট্রাই অন’ বাটনে চাপ দিয়ে কিংবা পছন্দের যেকোনো পোশাকের স্ক্রিনশট আপলোড করে এই সুবিধা পাওয়া যাবে।
এর পাশাপাশি পছন্দের পণ্যগুলো পরবর্তীতে দেখার জন্য একটি ডিজিটাল লাইব্রেরিতে গুছিয়ে রাখতে যুক্ত করা হয়েছে ‘ফেভারিটস’ অপশন।
ইমেজ ২.৫ মডেল ও অন্যান্য ফিচার
ওপেনএআই জানিয়েছে, নতুন এই সুবিধাগুলো পরিচালিত হচ্ছে তাদের সদ্য উন্মোচিত ‘চ্যাটজিপিটি ইমেজ ২.৫’ মডেলের মাধ্যমে। এই উন্নত এআই মডেলটি ছবিতে প্রাকৃতিক আলো-ছায়া ও কাপড়ের টেক্সচার নিখুঁতভাবে ফুটিয়ে তোলে এবং দ্রুত ছবি তৈরি করতে সক্ষম।
পোশাক পরখ করার পাশাপাশি ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো ফ্যাশন স্টাইলের বিবরণ দিয়ে পুরো সেট পোশাক খুঁজে নিতে পারবেন। এমনকি পছন্দের তারকাদের পরা পোশাকের ছবি আপলোড করে ইন্টারনেটে তা কোথায় কিনতে পাওয়া যাবে, চ্যাটজিপিটির মাধ্যমে সেটির সন্ধানও মিলবে।
কৌশলগত প্রেক্ষাপট ও বাজার প্রতিযোগিতা
এর আগে সরাসরি দ্রুত অর্থ পরিশোধ বা ইনস্ট্যান্ট চেকআউট চালুর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ই-কমার্স খাতে এআই সহকারী চালুর এই নতুন কৌশল গ্রহণ করল ওপেনএআই।
ফ্যাশন অন্বেষণ ও ই-কমার্সে দীর্ঘদিন ধরে গুগল ও পিন্টারেস্টের আধিপত্য থাকলেও চ্যাটজিপিটির এই পদচারণা বাজার প্রতিযোগিতাকে নতুন মাত্রা দেবে।
তবে গুগল ইতিমধ্যে একই ধরণের ট্রাই-অন সেবা চালু রাখায় চ্যাটজিপিটির এই উদ্যোগ ব্যবহারকারীদের কাছে কতখানি জনপ্রিয় হয়, তা সময়ই বলে দেবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





