মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে মঙ্গলবার (১৭ নভেম্বর) অঞ্চলটির ডেটা সেন্টার ও চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে বড় ধরনের পতন ঘটেছে।
এই নতুন নিয়মের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের দ্রুত বর্ধনশীল এআই শিল্প এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধরনের হুমকির মুখে পড়েছে।
নতুন মার্কিন বিধিমালায় মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো প্রধান অর্থনীতির দেশগুলোতে উন্নত চিপ রপ্তানি সীমিত করা হয়েছে। মূলত চীনের কিছু প্রতিষ্ঠান এসব দেশের ডেটা সেন্টার ব্যবহার করে তাদের এআই মডেল প্রশিক্ষণের জন্য কম্পিউটিং সক্ষমতা অর্জন করত।
এখন থেকে চীনা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য পরিমাণে কম্পিউটিং সুবিধা দেয় এমন বিদেশি ডেটা সেন্টারগুলোর ওপরও কঠোর নজরদারি ও নতুন শর্ত আরোপ করা হয়েছে।
শেয়ারবাজারে বড় পতন ও বিশ্লেষকদের মত
নতুন এই নিষেধাজ্ঞার খবরে মঙ্গলবার মালয়েশিয়ার ডেটা সেন্টার অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান এমএন হোল্ডিংস এবং ক্রিটিক্যাল হোল্ডিংসের শেয়ারদর প্রায় ২০ শতাংশ কমে গেছে।
এনভিডিয়ার অংশীদার ওয়াইটিএল পাওয়ারের শেয়ার কমেছে প্রায় ১০ শতাংশ।
এ ছাড়া সিঙ্গাপুরের ফ্রেনকেন ও এইএম, জাপানের মিৎসুই কিনজোকু ও ফুরুকাওয়া ইলেকট্রিক এবং তাইওয়ানের ডেল্টা ইলেকট্রনিকসসহ এশিয়ার বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারদরে বড় পতন দেখা গেছে।
চীনের আলিবাবা ও টেনসেন্টের শেয়ার কমলেও দেশীয় বিকল্প চিপ তৈরির প্রত্যাশায় চীনের শীর্ষ চিপ নির্মাতা এসএমআইসি-এর শেয়ারদর ৭ শতাংশ বেড়েছে।
গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের ভাইস প্রেসিডেন্ট নিল শাহ বলেন, চীনা এআই ডেভেলপাররা এখন আর বিদেশের ডেটা সেন্টার থেকে কম্পিউটিং শক্তি ভাড়া নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে পারবে না। ফলে নিয়ন্ত্রক সংস্থার চাপ এখন হার্ডওয়্যার নির্মাতাদের বদলে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর এসে পড়েছে এবং তাদের গ্রাহকদের পরিচয় যাচাইয়ে (কেওয়াইসি) কঠোর হতে হবে।
স্যাক্সোর প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানার মতে, চীনা গ্রাহকদের ওপর নির্ভরশীল ডেটা সেন্টারগুলোর ব্যবসা সংকুচিত হবে এবং সম্প্রসারণ পরিকল্পনা পিছিয়ে যাবে।
‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ ও সিঙ্গাপুরের প্রতিক্রিয়া
নতুন নীতিমালায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রাজিলকে এমন দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে উন্নত চিপ অন্যত্র পাচার হওয়ার ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ রয়েছে। ফলে এসব দেশে চিপ পাঠাতে হলে এখন থেকে যুক্তরাষ্ট্রের বিশেষ রপ্তানি লাইসেন্স নিতে হবে।
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড প্রতিষ্ঠান মেগাস্পিডের মাধ্যমে চীনে চিপ পাচারের সন্দেহের কয়েক দিনের মাথায় যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ নিল।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিতে ডেটা সেন্টার খাত সাম্প্রতিক সময়ে বড় ভূমিকা রাখছিল। ২০২১ সাল থেকে মালয়েশিয়া এই খাতে ৯ হাজার ৫০০ কোটি ডলারের বিনিয়োগ অনুমোদন দিয়েছে এবং থাইল্যান্ডে ৪২টি ডেটা সেন্টারে বিনিয়োগের পরিমাণ প্রায় ২ হাজার ২৬০ কোটি ডলার।
এআই খাতের প্রসারের কারণেই চলতি বছর সিঙ্গাপুর তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছিল।
যুক্তরাষ্ট্রের নতুন এই পদক্ষেপের প্রভাব খতিয়ে দেখছে সিঙ্গাপুর সরকার। দেশটির বাণিজ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।
বিবৃতিতে স্পষ্ট করা হয়, সিঙ্গাপুর তাদের আন্তর্জাতিক সুনামকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোনো প্রতিষ্ঠান সিঙ্গাপুরের নাম ব্যবহার করে অন্য দেশের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করুক, তা তারা কখনোই সমর্থন করে না।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





