বিনাজুড়িপাড়ার শতাধিক পরিবারের দীর্ঘদিনের পানির সংকট নিরসন

দুর্গম পাহাড়ে সৌরশক্তিচালিত পানির পয়েন্ট স্থাপন করল সেনাবাহিনী

  • খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক উদ্বোধন
  • বার্মাছড়ি আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহে প্রকল্পটি সম্পন্ন
  • দুর্গম পাহাড়ি এলাকার প্রায় শতাধিক পরিবারের নিরাপদ সুপেয় পানি নিশ্চিত

দুর্গম পাহাড়ে সৌরশক্তিচালিত পানির পয়েন্ট স্থাপন করল সেনাবাহিনী
১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩০  

নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহারে দুর্গম পাহাড়ি জনপদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

১৭ নভেম্বর, মঙ্গলবার সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এই সৌরশক্তিচালিত পানির পয়েন্টটির উদ্বোধন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

উদ্বোধনকালে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম জানান, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ারসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে সৌরশক্তিচালিত পানির ট্যাংক ও পানির পয়েন্ট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। এই উদ্যোগের ফলে বিনাজুড়িপাড়া ও আশপাশের এলাকার প্রায় শতাধিক পরিবারের জন্য নিরাপদ ও সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত হয়েছে। 

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//