পরীক্ষামূলক সংযোগে নতুন যুগের সূচনা
জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
- প্রথমবার গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ
- ৩৫০ মেগাওয়াট দিয়ে শুরু হলো পরীক্ষামূলক সরবরাহ
- বাণিজ্যিক উৎপাদনের আগে চলবে ১০ মাসের ট্রায়াল
দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি পরীক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।
দেশে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার অংশ হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়াই বাণিজ্যিক উৎপাদনের ঘোষণা নয়। এটি মূলত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড তা গ্রহণে কতটা সক্ষম, সেটি যাচাইয়ের গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা। প্রথমবার বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের মাধ্যমে কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
প্রকল্পসংশ্লিষ্টরা আরও জানান, ফার্স্ট গ্রিড কানেকশন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় সঞ্চালনব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ধাপ। এর অর্থ কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে চলে গেছে, এমন নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে এ গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।
//ডিবিটেক/এসএমপি/এমআইটি/এমভিএনও//





