ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রথমবার এআই ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত
হাইওয়ে পুলিশের এআই ‘অটো ফাইন সিস্টেম’ চালু ১৮ আগস্ট
এআই অটো ফাইন সিস্টেম, হাইওয়ে পুলিশ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ট্রাফিক আইন প্রয়োগ
দেশের মহাসড়কে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ ও ট্রাফিক আইন প্রয়োগে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (১৮ আগস্ট) মেঘনা টোল প্লাজা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন—যেমন নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো (ওভারস্পিড), অবৈধ পার্কিং, এবং উল্টোপথে যান চলাচল—এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে.বলে জানিয়েছেন গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। এরপর নির্ধারিত পদ্ধতিতে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানা পরিশোধ করা যাবে।
হাইওয়ে পুলিশ বলছে, এই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন দ্রুত শনাক্ত করা, তথ্য সংরক্ষণ এবং জরিমানা আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও নির্ভুল হবে।
এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ এ বিষয়ে যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।
//ডিবিটেক/ ডিএমও/ এসএমই //





