ট্রাম্প ও এপেক সম্মেলন ঘিরে নীরব শেনজেন: নিষিদ্ধ হর্ন ও ড্রোন
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন সামনে রেখে এক অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে চীনের প্রযুক্তি রাজধানী শেনজেনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্রায় ২০ জন বিশ্বনেতাকে বরণ করে নিতে শহরজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও শৃঙ্খলামূলক ব্যবস্থা। এই কদিন শহরের রাস্তায় গাড়ির হর্ন বাজানো এবং আকাশে ডেলিভারি ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
একসময়কার সাধারণ কৃষিপ্রধান অঞ্চল থেকে শেনজেন কীভাবে আজকের আধুনিক ও সুশৃঙ্খল প্রযুক্তি শহরে রূপান্তরিত হয়েছে, বিশ্বনেতাদের সামনে তা তুলে ধরতেই চীন সরকারের এই ব্যাপক প্রস্তুতি।
সড়কে কড়াকড়ি ও নাগরিক ভোগান্তি
সম্মেলন চলাকালে শহরের যানজট এড়াতে ১৫ লাখেরও বেশি স্থানীয় গাড়ির মালিক রাস্তায় গাড়ি না নামানোর অঙ্গীকার করেছেন। এর বিনিময়ে তারা পাচ্ছেন বিশেষ এপেক স্টিকার এবং ১০০ ইউয়ান (প্রায় ১৫ মার্কিন ডলার) মূল্যের গণপরিবহন কার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে দিনের বেলায় শহরের অধিকাংশ এলাকায় বাইরের নিবন্ধিত গাড়ি প্রবেশ নিষিদ্ধ করেছে শেনজেন ট্রাফিক পুলিশ।
এমনকি ই-বাইক চালকদেরও বিমায় বিশেষ ছাড়ের বিনিময়ে বাইক না চালানোর অনুরোধ জানানো হয়েছে এবং প্রধান সড়কগুলো থেকে পার্ক করা সাইকেল সরিয়ে নেওয়া হয়েছে।
সম্মেলনস্থল জিয়াংমিহু বা হানি লেকের আশপাশের এলাকাগুলো নতুন ফুলের বাগান ও পিচঢালা রাস্তায় সাজানো হয়েছে। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন স্থানীয় বাসিন্দাদের কারও কারও জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্মেলনস্থলের কাছে বসবাসকারী চল্লিশোর্ধ্ব নারী বেউ জানান, রাস্তা বন্ধ থাকায় তিনি গাড়ি চালিয়ে অফিসে যেতে পারছেন না। তার ওপর মঙ্গলবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চার দিনের ছুটি ঘোষণা করা হলেও অভিভাবকদের অফিস খোলা থাকায় সন্তানদের দেখাশোনা নিয়ে বিপাকে পড়েছেন কর্মজীবী মা-বাবারা।
শব্দদূষণ রোধ ও আকাশে ড্রোন নিষেধাজ্ঞা
শহরের নীরবতা বজায় রাখতে চলতি মাস থেকেই পুরো শেনজেনে গাড়ির হর্ন বাজানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অ্যাকোস্টিক ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়ে নিয়ম ভঙ্গকারীদের অন্তত ৩০০ ইউয়ান জরিমানা করা হচ্ছে।
লিউ নামের ২৯ বছর বয়সী এক গণমাধ্যমকর্মী আক্ষেপ করে বলেন, হর্ন বাজানো নিষিদ্ধ হওয়ায় অনেক চালক বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করছেন, কিন্তু সতর্ক করার কোনো উপায় থাকছে না।
অন্যদিকে, ড্রোন শিল্পের জন্য বিশ্বখ্যাত এই শহরে ১০ দিনের জন্য ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ বা ডেলিভারি সেবা স্থগিত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেইতুয়ান।
পোশাকেও সতর্কতা
প্রস্তুতির ছোঁয়া লেগেছে সাধারণ মানুষের পোশাকেও। লিন নামের এক অফিসকর্মী জানান, অর্থ না বুঝে ইংরেজি লেখাযুক্ত কোনো পোশাক না পরার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছে তার প্রতিষ্ঠান, যাতে অজান্তেই কোনো আপত্তিকর বা অশ্লীল শব্দ প্রদর্শিত না হয়। তবে শহরের আবাসিক এলাকার নিরাপত্তারক্ষী থেকে শুরু করে হাজার হাজার মানুষ গায়ে ‘ভলান্টিয়ার’ লেখা লাল জ্যাকেট পরে দায়িত্ব পালন করছেন।
নানশান জেলার এক নিরাপত্তারক্ষী গুও জানান, ইংরেজি না জানলেও কর্তৃপক্ষের নির্দেশে তিনি এই জ্যাকেট পরেছেন।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





