১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রোন নজরদারিতে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি
- গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ
- ড্রোন ও বডি ওর্ন ক্যামেরায় চলছে নিবিড় পর্যবেক্ষণ
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ে সর্বোচ্চ সংখ্যক বডি ওর্ন ক্যামেরা, ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এদিকে, গত রবিবার টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের একাধিক বাড়িঘর, দোকানপাট এবং দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ব্যক্তিরাই এসব হামলা চালিয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, উপজেলা বিএনপির নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের তথ্য পাওয়া গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিস জানায়, বেশ কয়েকটি স্থানে আগুন লাগার খবর পেলেও বাধার কারণে সব জায়গায় তৎক্ষণাৎ পৌঁছানো সম্ভব হয়নি।
//ডিবিটেক/জিডিএস/এসএমপি/এমভিএনও//





