জেমিনির পরামর্শে ট্রেকিংয়ে বিপত্তি, উদ্ধার ৩ পর্বতারোহী

জেমিনির পরামর্শে ট্রেকিংয়ে বিপত্তি, উদ্ধার ৩ পর্বতারোহী
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩০  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ওপর ভরসা করে ভ্রমণ পরিকল্পনা করে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত মাউন্ট শাস্তা পাহাড়ে গিয়ে চরম বিপদে পড়েছেন তিন ট্র্যাকার বা পর্বতারোহী। পরবর্তীতে স্থানীয় উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম শিকাগো ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, তিন তরুণ অভিযাত্রী গুগল জেমিনির পরামর্শ নিয়ে তাদের পাহাড়ি অভিযানের পরিকল্পনা করেছিলেন, যা পরবর্তীতে তাদের জীবন ঝুঁকিতে ফেলে দেয়।

অভিযানে বিভ্রান্তি ও রাতভর দুর্ভোগ
সিসকিউ কাউন্টি শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, ওই তিন তরুণ ভোর তিনটার দিকে পাহাড় চড়া শুরু করেন। সাধারণ নিয়ম অনুযায়ী দুপুর ১২টার মধ্যে চূড়ায় পৌঁছাতে না পারলে ট্র্যাকারদের ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়। তবে ওই দলটি নানা জটিলতায় সন্ধ্যা সাতটার দিকে চূড়ায় পৌঁছায়। এরপর তারা অন্ধকারেই পাহাড় থেকে নিচে নামার চেষ্টা করে পথ হারিয়ে ফেলে। উপায় না দেখে তারা সহায়তার জন্য শেরিফ কার্যালয়ে ফোন করে দিকনির্দেশনা চান। 

উদ্ধারকারী দল পৌঁছানোর আগে পুরো রাত তাদের পাহাড়ি মড ক্রিক ক্যানিয়নে কাটাতে হয়। পরদিন সকালে ফরেস্ট সার্ভিসের রেঞ্জার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথ অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন।

এআই প্রযুক্তির ভুল ও সতর্কবার্তা
এই দুর্ঘটনার জন্য কেবল জেমিনিকে এককভাবে দায়ী করা না গেলেও সিসকিউ কাউন্টি শেরিফ কার্যালয় নিশ্চিত করেছে যে, চ্যাটবটটি তাদের প্রয়োজনের তুলনায় অনেক কম খাবার ও পানি সঙ্গে নেওয়ার পরামর্শ দিয়েছিল। ফলে আট ঘণ্টার পরিকল্পিত এই অভিযানটি যখন এক দীর্ঘ দুর্ভোগে রূপ নেয়, তখন খাবার ও পানির অভাবে তাদের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। 

এই ঘটনার পর যেকোনো পাহাড় বা দুর্গম এলাকায় অভিযানে যাওয়ার আগে স্থানীয় ফরেস্ট সার্ভিস বা রেঞ্জার স্টেশনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভ্রমণের মতো স্পর্শকাতর পরিকল্পনার ক্ষেত্রে কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর অন্ধভাবে নির্ভর না হতে ভ্রমণকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে শেরিফ দপ্তর।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ