৪০ স্বাস্থ্য পেশাজীবীর প্রশিক্ষণ সমাপ্ত

স্বাস্থ্যসেবায় এআই প্রশিক্ষণ ডিআইইউতে

  • স্বাস্থ্যসেবায় দায়িত্বশীল এআই ব্যবহারে পেশাজীবীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে
  • দুই মাসের প্রশিক্ষণে ৪০ জনের বেশি পেশাজীবী অংশ নেন
  • সেরা তিন এআই এজেন্টের প্রদর্শনী ও স্বীকৃতি দেওয়া হয়েছে

স্বাস্থ্যসেবায় এআই প্রশিক্ষণ ডিআইইউতে
৩ অক্টোবর, ২০২৬ ১৬:৫০  

স্বাস্থ্যসেবা খাতে নৈতিক ও দায়িত্বশীলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ক্লিনিক্যাল কর্মদক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান তৈরির ওপর গুরুত্ব দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যাপক ড. আমিনুল ইসলাম সেমিনার হলে’ শনিবার ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের স্কিল জবসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

দুই মাসব্যাপী প্রথম প্রশিক্ষণ ব্যাচের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং হাসপাতাল ব্যবস্থাপনা প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন-এর উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আকিব আরাফাত খান, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. আলাউদ্দিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম এবং স্কিল জবসের বিজনেস হেড ও ডিআইইউয়ের সিডিসির ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ প্রধান মনোয়ারুল ইসলাম রেবেল।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে নৈতিক ও দায়িত্বশীল উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ক্লিনিক্যাল কর্মদক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান তৈরির বিষয়েও আলোচনা হয়।

আয়োজনটি স্বাস্থ্যসেবা পেশাজীবী ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যক্তিকেন্দ্রিক স্বয়ংক্রিয় সহকারীর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা ও অনুসন্ধান করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তৈরি সেরা তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় সহকারী প্রদর্শন করা হয়। অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সফল অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

ক্যাপশন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

//ডিবিটেক/ এএইচকে/এসপিএম/বিপিসি//