নটরডেম কলেজে '২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬'-এর সমাপনী অনুষ্ঠিত
সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ‘অশুভ সংকেত’, রোখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- সোশাল মিডিয়ায় ভুয়া তথ্য প্রতিরোধে তরুণদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন
- ছাত্রসমাজকে সত্য ও মিথ্যা নিরূপণে মিডিয়া লিটারেসি অর্জন করতে হবে।
- তরুণদের দক্ষ করতে কাজ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্যের বিস্তারকে ‘অশুভ সংকেত’ আখ্যায়িত করে তা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
৩ অক্টোবর, শনিবার রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ‘২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ সবসময় দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। সম্প্রতি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বর্তমান তথ্যপ্রবাহের যুগে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ করা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মিডিয়া লিটারেসি ও দায়িত্বশীল যোগাযোগ দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
নিজের সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়মিত কাজ করছে এবং তরুণদের ইতিবাচক উদ্যোগে সরকারের সমর্থন থাকবে। ২ ও ৩ অক্টোবর আয়োজিত এই কার্নিভালে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিওসহ শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আইএসপি/এসপিএম/এমভিএনও//





