কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে মিছিল, স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার আকুতি
চুয়েটে আন্দোলন ১২তম দিনে: নবনিযুক্ত ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
- নবনিযুক্ত ভিসির বক্তব্যকে 'বিভ্রান্তিকর' দাবি করে ১২শ দিনে গড়িয়েছে চুয়েট আন্দোলন
- অবস্থান কর্মসূচি শেষে মিছিল ও শহীদ মিনার প্রদক্ষিণ করে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা
- অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ চান আন্দোলনরত শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের দ্বাদশ দিনে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি চুয়েটের চলমান অচলাবস্থা নিরসন ও স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
৩ অক্টোবর ,শনিবার দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে দুপুর আড়াইটায় নবনিযুক্ত উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
শুক্রবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারটি পরীক্ষা আন্দোলনের কারণে আটকে রয়েছে বলে মন্তব্য করেন। তবে শিক্ষার্থীদের দাবি, এ তথ্য ক্যাম্পাসের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের ভাষ্য, ওই শিক্ষাবর্ষের অধিকাংশ বিভাগের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। উপাচার্যের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক’ দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা, এক দাবি—সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে ‘চুয়েটের অচলাবস্থা কাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ লেখা ব্যানারের পাশাপাশি ‘চুয়েট সচলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ’, ‘চুয়েট রিভোল্টস ফর সায়েম স্যার’ ও ‘পিএম, কনসিডার আওয়ার অ্যাপিল’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
অন্যদিকে, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা চুয়েটের অচলাবস্থা নিরসন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল এবং শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম বলেন, “আমরা আমাদের প্রাণপ্রিয় সায়েম স্যারকে আবার উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছি। প্রশাসনের নীরবতায় আমরা ক্ষুব্ধ। এ আন্দোলনের কারণে আমাদের ক্লাস-পরীক্ষা সব বন্ধ রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি, তিনি যেন দ্রুত আমাদের समस्याओं আশু সমাধান করেন। আমরা ক্লাসে ফিরতে চাই।”
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা মিছিল, মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে এবং ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা স্থগিত রয়েছে।
//ডিবিটেক/ইবাদ হোসেন/এসপিএম/এমভিএনও//





