ঢাবির টিএসসিতে 'খুদে গবেষক সম্মেলন ২০২৬'-এ ৩১৮ শিক্ষার্থীর ১২৮টি গবেষণা প্রস্তাব
গবেষণার জন্য বয়স বা দামি ল্যাব দরকার নেই
- জটিল অবকাঠামো বা বয়সের সীমারেখা ছাড়াই বাস্তব সমস্যার সমাধান থেকে গবেষণার সূচনা
- ১২৮টি উদ্ভাবনী গবেষণা প্রস্তাবে ৩১৮ জন খুদে শিক্ষার্থীর অংশগ্রহণ
- জীবনকেন্দ্রিক বাস্তবমুখী গবেষণা প্রকল্পে অর্থায়নের আশ্বাস দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
গবেষণার জন্য বয়স, দামি যন্ত্রপাতি বা বড় ল্যাবরেটরি দরকার নেই; বরং নিজের চারপাশের সমস্যা চিহ্নিত করে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সমাধানের চেষ্টা থেকেই গবেষণার সূচনা হতে পারে। বাস্তব সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে ৩ অক্টোবর, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত ‘খুদে গবেষক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই মন্তব্য করেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেয়। শিক্ষার্থীরা শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ নানা বিষয়ে নিজেদের চারপাশের সমস্যা নিয়ে কাজ করে তৈরি ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণা কেবল বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হবে—এমন ধারণা সঠিক নয়। শিক্ষার্থীদের সাহস, উদ্দীপনা, অনুসন্ধিৎসু মনোভাব ও বৈজ্ঞানিক চিন্তার ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন যে, গত পাঁচ দশকে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থায়ন করেছে এবং আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশ ও সাইটেশন বেড়েছে। তবে অনেক ক্ষেত্রে মানুষের দৈনন্দিন বাস্তব সমস্যার সমাধান মেলেনি।
এ কারণে গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়ে দেশের সুনির্দিষ্ট সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা—যেমন যানজট, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও লবণাক্ততা নিরসনে গবেষণার গুরুত্ব তুলে ধরেন তিনি। সুনির্দিষ্ট সমস্যা সমাধানের প্রকল্প প্রস্তাব পেলে ইউজিসি তা অর্থায়নের বিষয়টি বিবেচনা করবে এবং বাস্তবে সমস্যা সমাধান হচ্ছে কি না তা গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া।
স্বেচ্ছাসেবী গবেষণা প্রতিষ্ঠান ‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, খুদে গবেষক, অভিভাবক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা ও চর্চার পরিবেশ তৈরিতে কাজ করে আসছে ‘চিন্তার চাষ’।
//ডিবিটেক/আইএইচইউ/এসপিএম/এমভিএনও//





