সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসন থেকে বিজয়ী হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ইয়াসের খান চৌধুরীকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ঢাকায় সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯ তম বোর্ড সভায় এই মনোনয়ন দেয়া হয়। এসময় ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধা প্রত্যাশী ও সুবিধা ভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
সভায় অন্যান্য সদস্যদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, সদস্য প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামূল কবীর, সদস্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন।
এসময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।পাশাপাশি ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত ট্রাস্টের অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। এছাড়া, ট্রাস্টের জনবল নিয়োগ, যানবাহন সুবিধা প্রদান, নিজস্ব ভবন নির্মাণ ইত্যাদি বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
সেসব বিষয় শুনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া বোর্ড সদস্যদের দাবির প্রেক্ষিতে তিনি জানান, সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে কোন বড় সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য চিকিৎসা সুবিধার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ট্রাস্টের নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একমাত্র পুত্র। লন্ডন থেকে উচ্চ শিক্ষা লাভ করে দীর্ঘদিন লন্ডনে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের তথ্য প্রযুক্তি বিভাগে দক্ষতার সাথে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন তিনি।
ডিবিটেক/এসএইচ/ইকে







