কিউডেঙ্গা টিকা নিয়ে ডব্লিউএইচও এর সাথে আলোচনা
যুক্তরাষ্ট্র থেকে পাওয়া গেল ৫ লাখ ডেঙ্গু কিট
- যুক্তরাষ্ট্রের স্ট্রাইডস প্রকল্পের আওতায় ৫ লাখ ডেঙ্গু এনএস১ ডায়াগনস্টিক কিট হস্তান্তর
- কিউডেঙ্গা ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডব্লিউএইচও ও গ্যাভির সঙ্গে আলোচনা
- আক্রান্ত ৮১,৫৯৮ এবং মৃত্যু ২৪৯; কিট যাবে কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলায়
দেশে ডেঙ্গুর মারাত্মক প্রকোপ নিরসনে বায়োমেডিকেল ডায়াগনস্টিক প্রযুক্তি ও ল্যাবরেটরি সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ৫ লাখ ইউএস-মেড 'ডেঙ্গু এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট' সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার-অর্থায়নকৃত স্ট্রাইডস (STRIDES) কার্যক্রমের আওতায় আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজির অংশ হিসেবে ১ অক্টোবর, বৃহস্পতিবার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে (KMSH) আয়োজিত এক আনুষ্ঠানিকতায় শার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাউলা এ কিটগুলো হস্তান্তর করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হস্তান্তরিত কিটগুলো গ্রহণ করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, কুর্মিটোলা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং মার্কিন দূতাবাস ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
কুর্মিটোলা হাসপাতালের ইমার্জেন্সি রুম, ডেঙ্গু ওয়ার্ড ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি ঘুরে দেখেন প্রতিনিধিদল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডেঙ্গুর টিকা চালুর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ভ্যাকসিনটির ব্যয় বেশি হওয়ায় সেটির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান নির্দেশনায় ডেঙ্গুর জন্য ‘কিউডেঙ্গা’ (Qdenga) ভ্যাকসিন উচ্চ সংক্রমণের এলাকায় ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ৩ মাসের ব্যবধানে ২ ডোজ ব্যবহারের সুপারিশ করা হয়েছে। টিকাদানের পাশাপাশি মশা নিয়ন্ত্রণ, সঠিক চিকিৎসা ও জনসম্পৃক্ততার ওপর জোর দেওয়া হচ্ছে।
দেশে ডেঙ্গুর চিত্র তুলে ধরে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত ৮১ হাজার ৫৯৮ জন মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৪৯ জনের। মন্ত্রী জানান, সরকারি খাতে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। হস্তান্তরিত কিটগুলো কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সারাদেশের জেলা-উপজেলা হাসপাতালে দ্রুত পৌঁছে দেওয়া হবে।
//ডিবিটেক/আইএসআর/বিভি/পিসি//





