প্রযুক্তি দক্ষতায় তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মেগা উদ্যোগ

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

  • দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ
  • দুই প্রকল্পের অধীনে মোট ৬ হাজার ৪০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন
  • সফল ফ্রিল্যান্সার ও এআই শিক্ষার্থীদের ক্রেস্ট ও ল্যাপটপ পুরস্কার প্রদান

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু
১ অক্টোবর, ২০২৬ ১৬:৩৯  

প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান ও বৈশ্বিক গিগ ইকোনমিতে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কর্মসূচি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সব ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ৬৪ জেলার উপপরিচালক, জেলা প্রশাসক, প্রকল্প কর্মকর্তা ও ৬ হাজার ৪০০ জন প্রশিক্ষণার্থী সরাসরি যুক্ত হন।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় অষ্টম ব্যাচে ৪ হাজার ৮০০ জন অংশ নিচ্ছেন। অন্যদিকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তথ্যপ্রযুক্তি জ্ঞানে দক্ষ যুবদের দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী।

উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উল্লেখ করেন, বৈশ্বিক প্রযুক্তি বিপ্লবের সুবিধা গ্রহণ করতে হলে তরুণদের বাস্তবমুখী দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। তিনি অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজস্ব কর্মসংস্থান গড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানান, শ্রমবাজারের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুব সমাজকে প্রস্তুত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য; যেখানে প্রশিক্ষণের মান ও পরবর্তী কর্মসংস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরে জানান, প্রশিক্ষণ শেষে তরুণদের কাজ পাওয়ার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা ও মেন্টরিং অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলার ১৮ জন সফল ফ্রিল্যান্সার এবং এআই প্রশিক্ষণের প্রথম ব্যাচের ছয়জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিভাগটির সর্বোচ্চ উপার্জনকারী পাঁচ ফ্রিল্যান্সার—বরিশালের শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ, বরগুনার ওসমান গনি, ঝালকাঠির মো. শাওন হাওলাদার, পিরোজপুরের মো. মইনুল ইসলাম মঈন ও পটুয়াখালীর মারুফা আমিনকে ল্যাপটপ পুরস্কার হিসেবে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/এমআইএস/এসএমপি/বিভি//