বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা ও প্রয়োজন বুঝতে অভ্যন্তরীণ শিক্ষকের বিকল্প নেই: সাধারণ শিক্ষার্থীরা
নোবিপ্রবিতে নিজস্ব শিক্ষককে কোষাধ্যক্ষ নিয়োগের দাবিতে মানববন্ধন
- কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 'শিক্ষার্থীদের' ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ
- সাবেক কোষাধ্যক্ষ উপাচার্য হওয়ার পর থেকে ফাঁকা গুরুত্বপূর্ণ পদটি
- বহিরাগত শিক্ষক নিয়োগের গুঞ্জনে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা ও ক্ষোভ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একজন যোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বাস্তবতা, উন্নয়ন প্রয়োজন ও আর্থিক স্বার্থ রক্ষায় অভ্যন্তরীণ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকের কোনো বিকল্প নেই।
২৬ জুলাই, রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শিক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী জাহিদ বলেন, "নোবিপ্রবির শিক্ষক যেমন প্রার্থী হতে পারেন, তেমনি অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হতে পারেন। তবে নোবিপ্রবির শিক্ষার্থী হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একজন যোগ্য শিক্ষককে কোষাধ্যক্ষ পদে দেখতে চাই।"
মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী রিমন জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকই প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা সবচেয়ে ভালোভাবে অনুধাবন করতে পারেন। ফলে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য শিক্ষককে দায়িত্ব দেওয়া উচিত।
প্রসঙ্গত, গত ৭ জুন নোবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। সম্প্রতি এ পদে অন্য বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়া হতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।
//ডিবিটেক/এসএইচএম/ইডিপি//





