টাইপ ও কপি-পেস্টে বিভ্রান্তির দাবি
টেক্সটাইল ইঞ্জিনিয়ার’ না ‘ব্যারিস্টার এট ল’?
- হলফনামায় ‘ব্যারিস্টার এট ল’ উল্লেখ থাকলেও প্রকৃত যোগ্যতা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
- দল ও প্রার্থীর দাবি, নথি প্রস্তুতের সময় অসাবধানতাবশত করণিক ত্রুটি হয়েছে
- সামাজিক ও রাজনৈতিকভাবে মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যের অভিযোগ মাহবুবা হাকিমের
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে 'এলএল.এম, ব্যারিস্টার এট ল' উল্লেখ থাকায় প্রযুক্তিগত ও করণিক ত্রুটির তথ্য সামনে এসেছে ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর একটি অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল এবং মাহবুবা হাকিম ১৯ এপ্রিল হলফনামায় স্বাক্ষর করেন। পরদিন ২০ এপ্রিল দলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রির বিষয়টি উল্লেখ করা হয়।
হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় 'ব্যারিস্টার এট ল' লেখা থাকলেও দলের নথিতে অন্য কোনো ডিগ্রির অস্তিত্ব নেই। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন বক্তব্যে এবং ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে টেক্সটাইল প্রকৌশলী হিসেবে পরিচয় দেন।
গত ১৫ আগস্ট ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) তাকে সম্মানীয় পৃষ্ঠপোষক মনোনীত করে। এর আগে ২০ মে বুটেক্স প্রশাসন তাকে সংবর্ধনা দেয় এবং ২০০৫ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনেও তিনি অংশ নিয়েছিলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, "হলফনামায় প্রদত্ত তথ্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা নয়; বরং নথি প্রস্তুতের সময় অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক বা টাইপজনিত ভুলের কারণে এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।"
দলের ব্যাখ্যায় বলা হয়, পূর্বনির্ধারিত ডিজিটাল ফরম্যাটে কাজ করার সময় পূর্ববর্তী তথ্য থেকে কপি-পেস্টের কারণে উপস্থাপনায় এই অসঙ্গতি থেকে যায়।
মাহবুবা হাকিম জানান, দলের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে ফরম প্রস্তুতকালে করণিক ভুলের কারণে এটি ঘটেছে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের মূল সনদ জমা থাকায় যাচাইয়ের সময় নির্বাচন কমিশন হয়তো ওই অংশে কলম দিয়ে দাগ কেটে দেয়।
সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত করতে এতদিন পর বিষয়টি তোলা হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারি দল থেকে কোনো চাপ নেই এবং বুটেক্সের একজন ইঞ্জিনিয়ার হিসেবে অন্য মিথ্যা পরিচয় দেওয়ার কোনো যৌক্তিকতা তার নেই।
//ডিবিটেক/ডিসিো/এমআই/এসআই//





