ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার

বাংলা কিউআরে স্বস্তি: ১ অক্টোবর থেকে মিলবে তাৎক্ষণিক টাকা

  • আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্টের টাকা সরাসরি ও তাৎক্ষণিকভাবে মার্চেন্ট অ্যাকাউন্টে জমা হবে

বাংলা কিউআরে স্বস্তি: ১ অক্টোবর থেকে মিলবে তাৎক্ষণিক টাকা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯  

ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয়, গতিশীল ও গ্রাহকবান্ধব করতে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক সব লেনদেনের অর্থ বিলম্ব ছাড়াই তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্ট বা বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পিএসও-এর জন্য এই সার্কুলার জারি করা হয়।

নতুন আদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ২০২৫ সালের ২৪ নভেম্বরের পূর্ববর্তী সার্কুলারটি বাতিল বলে গণ্য হবে। এতে আগের মতো মার্চেন্টদের অর্থ পেতে অপেক্ষার অবসান ঘটবে এবং সাধারণ ব্যবসায়ীরা কিউআর কোডে অর্থ গ্রহণে আরও উৎসাহিত হবেন।

গ্রাহক ও বিক্রেতাদের লেনদেন প্রক্রিয়া সহজতর করতে আরও বেশ কিছু প্রযুক্তিগত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক:

  • অ্যাপে সহজে দৃশ্যমান আইকন: ১ অক্টোবর থেকে ব্যাংক ও এমএফএস অ্যাপের হোম পেজে সহজে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছোঁয়া যায় এমন নিচের অংশে বাংলা কিউআরের অফিশিয়াল লোগো সম্বলিত আইকন দৃশ্যমান রাখতে হবে।

  • ইমেজ আপলোড সুবিধা: সরাসরি স্ক্যানিংয়ের পাশাপাশি আগামী ৩১ অক্টোবরের মধ্যে গ্যালারি থেকে ‘বাংলা কিউআর ইমেজ’ আপলোড করেও পেমেন্ট নিষ্পত্তির সুবিধা যুক্ত করতে হবে।

  • সব হিসাবধারীর জন্য উন্মুক্ত: ৩১ অক্টোবরের মধ্যে সঞ্চয়ী, চলতি ও কার্ড হিসাবধারী সব গ্রাহকের জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার প্রক্রিয়া চালু করা বাধ্যতামূলক করা হয়েছে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংক এসব যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে, যা দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

//ডিবিটেক/ডিবিএস/এসএসপি/এমআইএস//