নতুন বেতন স্কেলে মোবাইল ভাতা সম্প্রসারণ
• সরকারি কর্মচারীদের ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের জন্য মোবাইল ভাতা বৃদ্ধি
• বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য প্রথমবার মাসিক তিন হাজার টাকা ভাতা
• মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন
সরকারি কর্মচারীদের ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে মোবাইল ভাতার আওতা ব্যাপকভাবে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩১ আগস্ট, ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই সিদ্ধান্তসহ পুরো নতুন বেতনকাঠামো অনুমোদন করা হয়। সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
আগে কেবল পঞ্চম গ্রেডের কর্মচারীরা মোবাইল সুবিধা পেলেও নতুন এই নীতিমালায় সব গ্রেডের কর্মচারীরা ডিজিটাল যোগাযোগ ভাতার আওতায় আসবেন। পাশাপাশি সরকারি কর্মীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য প্রথমবারের মতো মাসে ৩ হাজার টাকা করে ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালু করা হচ্ছে। সরকারের ২০টি গ্রেড বহাল রেখেই মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে মোট তিন ধাপে মূল বেতন বাস্তবায়ন করা হবে, যার সময়কাল ধরা হয়েছে ১ জুলাই ২০২৬ থেকে আগামী বছর পর্যন্ত। তবে মোবাইল ভাতাসহ অন্যান্য সব আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/পিএও/এসএমই//





