সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের প্রতিপাদ্য ঘোষণা

‘আপনার অসতর্কতা, অপরাধীদের সুযোগ’

  • অনলাইনে সামান্য অসতর্কতায় ফিশিং ও পরিচয় জালিয়াতির ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়
  • সুরক্ষায় মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, সফটওয়্যার প্যাচিং এবং জটিল পাসওয়ার্ড ব্যবহারের কারিগরি পরামর্শ
  • আন্তর্জাতিক প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে অক্টোবরজুড়ে দেশব্যাপী চলবে সচেতনতামূলক প্রযুক্তি ক্যাম্পেইন

‘আপনার অসতর্কতা, অপরাধীদের সুযোগ’
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৪  

অনলাইন পরিকাঠামোয় ব্যবহারকারীর সামান্য অসতর্কতা বড় ধরনের ডেটা লঙ্ঘন ও সাইবার ঝুঁকির কারণ হতে পারে বিবেচনায় নিয়ে অক্টোবরজুড়ে পালিত হতে যাচ্ছে ১১তম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম)।

১৩ সেপ্টেম্বর, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ/CCAF)। ২০২৬ সালের মাসব্যাপী এ প্রচারাভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আপনার অসতর্কতা, অপরাধীদের সুযোগ’ (Your Carelessness, Their Opportunity)।

সিক্যাফের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে ব্যবহারকারীর সামান্য অসতর্কতাও সাইবার অপরাধীদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তাই এবারের প্রচারণায় প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি নিরাপদ অনলাইন আচরণ ও ব্যক্তিগত সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংগঠনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০১৬ সাল থেকে অক্টোবর মাসে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি পালন করে আসছে তারা। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ন্যাশনাল সাইবারসিকিউরিটি অ্যালায়েন্সের (এনসিএ) অফিশিয়াল চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশে প্রতিবছর এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সিক্যাফ। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এসব কর্মসূচিতে যুক্ত হয়ে থাকে। নিবন্ধনকারীদের ক্যাম্পেইনের বিশেষ ডিজিটাল টুলকিট সরবরাহ করা হয়, যা সংগঠনগুলোর কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে।

সাইবার ঝুঁকি ও কারিগরি দুর্বলতা তুলে ধরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরিচিত লিংকে ক্লিক করা, সন্দেহজনক বার্তার জবাব দেওয়া, অপরিচিত ব্যক্তির সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করা, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা না রাখার সুযোগ নেয় হ্যাকাররা। ফিশিং অ্যাটাক, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হাইজ্যাকিং, আইডেন্টিটি থেফট, অনলাইন কেনাকাটায় জালিয়াতি, ভুয়া বিনিয়োগ অফার এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) প্রতারণায় ব্যবহারকারীর অসতর্কতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাইবার প্রকৌশল বিশেষজ্ঞরা এসব ঝুঁকি এড়াতে জটিল পাসওয়ার্ড বিন্যাস, দুই স্তরের বা মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) সক্রিয় রাখা, নিয়মিত অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার হালনাগাদ (প্যাচিং) এবং ইনবক্সে আসা যেকোনো সন্দেহজনক লিংক যাচাইয়ের পরামর্শ দিয়েছেন।

চলতি বছর আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Don’t Make It Easy for Them’। এর মূল উদ্দেশ্য, অপরাধীদের জন্য সিস্টেম অনুপ্রবেশ কিংবা তথ্য চুরির পথ উন্মুক্ত না রাখা। বাংলাদেশের ঘোষিত প্রতিপাদ্যেও ব্যবহারকারীর সতর্কতামূলক অনলাইন আচরণের ওপর একইভাবে জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশে ২০১৬ সাল থেকে অক্টোবরে মাসব্যাপী নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে বিভিন্ন বছর সেমিনার, কারিগরি কর্মশালা, ওয়েবিনাড়, বিতর্ক, কুইজ ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, নারী ও তরুণ নেটওয়ার্ক ব্যবহারকারীদের সচেতন করা হয়েছে। সিক্যাফের লক্ষ্য, সাইবার নিরাপত্তাকে শুধু অক্টোবর মাসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি নাগরিকের দৈনন্দিন অনলাইন অভ্যাসের স্থায়ী অংশ করে তোলা।
//ডিবিটেক/সিপিআর/এসএমই/এফওইবি//