দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত তরুণরা
অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর ১৫ শিক্ষার্থী
- দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করেছে অপো
- সৃজনশীলতা, যোগাযোগ, নেতৃত্ব ও কমিউনিটি গঠনে দক্ষতা বাড়াবে কর্মসূচি
- প্রযুক্তি, কনটেন্ট ও মোবাইল ফটোগ্রাফিতে তরুণদের যুক্ত করব
দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। তরুণদের উদ্ভাবনী ক্ষমতা, মেধা ও সম্ভাবনা বিকাশে প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে অপো বাংলাদেশ কর্তৃপক্ষ।
নির্বাচিত অপো ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হলেন—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মো. রফিজুরজ্জামান রফি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) মো. মারুফ আহমেদ সিনহা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) আবদুল্লাহ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মহিমা আমিন মৌ ও মো. আশরাফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামিয়া জান্নাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা রানী দাস, নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নুঝাত নাওয়ার ও চৌধুরী আসিফ আবদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুবাসশির তাহমিদ ভূঁইয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের হামিম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. ইউসুফ আলী, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উম্মায়া হাবিবা সুজানা, ব্র্যাক ইউনিভার্সিটির সাব্বির আহমেদ কাব্য এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবু সাঈদ।
৩০ আগস্ট, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নির্বাচিত অ্যাম্বাসেডররা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন।
অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সাজানো হয়েছে, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, যোগাযোগ, নেতৃত্ব ও কমিউনিটি গঠনের দক্ষতা বিকাশের সুযোগ থাকবে। অপোর প্রতিনিধি হিসেবে অ্যাম্বাসেডররা নিজ নিজ ক্যাম্পাসে সহপাঠী ও তরুণদের সঙ্গে যুক্ত হবেন, বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করবেন এবং অপোর প্রযুক্তি ও জীবনধারাভিত্তিক অভিজ্ঞতার সঙ্গে অন্যদের যুক্ত করবেন।
এ বিষয়ে অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অপো বিশ্বাস করে, তরুণদের মাঝে ভবিষ্যৎ বিনির্মাণের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সুপ্ত সম্ভাবনা রয়েছে। অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার একটি অনন্য প্ল্যাটফর্ম। আমরা চাই, আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা কেবল ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে নয়; বরং ক্রিয়েটর, চেঞ্জমেকার ও ইউথ লিডার হিসেবে নিজেদের মেধা, প্রযুক্তি ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করুক।”
জানাগেছে, এই ১৫ জনকেই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে অপোর ব্র্যান্ড দর্শন ও প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অপো ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত মোবাইল ফটোগ্রাফি সেশন। পাঠশালার ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ সেশনটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয় উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমএনও/এমএসআই//





