গবেষণার মান বৃদ্ধিতে কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে আধুনিকীকরণ সম্পন্ন
যবিপ্রবিতে রসায়ন বিভাগের দুটি আধুনিক ল্যাব উদ্বোধন
- প্রতিটি বিভাগ ও কেন্দ্রীয় ল্যাবের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ
- আধুনিক কেমিক্যাল স্টোরেজ, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও উন্নত নিরাপত্তা পরিকাঠামো সংযোজন
উচ্চতর শিক্ষা ও আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের সংস্কারকৃত দুটি আধুনিক ল্যাবরেটরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৩০ আগস্ট, ২০২৬ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাব দুটির উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উৎকর্ষ প্রতিফলিত হয় এর উন্নতমানের মৌলিক ও ফলিত গবেষণার মাধ্যমে। মানসম্মত ও বিশ্বমানের উদ্ভাবনী গবেষণায় রসায়ন বিভাগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংস্কারকৃত এই আধুনিক ল্যাবরেটরিগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতার পাশাপাশি গবেষণায় নতুন গতি আনবে। আমাদের তরুণ গবেষকরা যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা প্রদর্শন করতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোকে সর্বাধুনিক প্রযুক্তির সুবিধাসম্পন্ন করার উদ্যোগ অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিভাগীয় ল্যাবরেটরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারকে (সেন্ট্রাল ল্যাব) পূর্ণাঙ্গরূপে কার্যকর করা গেলে উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত হবে। অন্য বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান জানান, গবেষণা কার্যক্রমকে গতিশীল করতে সংশোধিত বাজেটের আওতায় প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও আর্থিক বরাদ্দের লিখিত প্রস্তাব দ্রুত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী এবং বিভাগের শিক্ষকবৃন্দ। উদ্বোধনের পর উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নবসজ্জিত ল্যাবগুলোর বৈজ্ঞানিক সরঞ্জাম ও সুরক্ষা পরিকাঠামো পরিদর্শন করেন। সংস্কারকৃত ল্যাব দুটিতে আধুনিক কেমিক্যাল স্টোরেজ, পরিবেশবান্ধব বায়ুচলাচল ও উন্নত অগ্নিনির্বাপক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
//ডিবিটেক/ এমএনএইচপি/এমআইএসটি//





