ফ্রিল্যান্সারদের আয়ের ওপর সাড়ে সাত শতাংশ কর আরোপ হচ্ছে না

ফ্রিল্যান্সারদের আয়ের ওপর সাড়ে সাত শতাংশ কর আরোপ হচ্ছে না
২ জুন, ২০২৬ ০৭:৪৪  

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট বা কর আরোপের গুঞ্জনকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ব্যতিক্রমী জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে মানবিক ও সাহিত্যিক ঘরানার ভিডিও বানিয়ে মাত্র এক বছরে ৪৩ লাখের বেশি ফলোয়ার অর্জন করা জুয়েল রানাকে সোমবার, ১ জুন সচিবালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী এই সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতের পর দেশের অন্যতম শীর্ষ দৈনিক ‘যুগান্তর’-কে একটি এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার দেন জুয়েল রানা। সেখানেই তরুণদের ফ্রিল্যান্সিং আইসিটি ও ডিজিটাল মার্কেটিং খাতের এই বড় স্বস্তির খবরটি জনসমক্ষে উন্মোচিত হয়।

সাক্ষাৎকারের শেষ দিকে জুয়েল রানা বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের যে গুঞ্জন চলছে, তা কতটা সত্য। বিষয়টি শোনামাত্রই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে এর খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এই ধরনের কোনো কর বা ভ্যাট আরোপ করা হবে না বলে জুয়েল রানাকে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জুয়েল রানাকে বলেন, “এরকম কিছু হইতে দেওয়া যাবে না; আমি চাই ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলভ থাকুক এবং বাইরের অর্থ দেশে নিয়ে আসুক, দ্যাটস এনাফ।” ফ্রিল্যান্সাররা দেশের অর্থনীতি সচল রাখতে যে বড় ভূমিকা পালন করছেন এবং সাধারণ তরুণরা কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যেভাবে নিজেদের পরিবার চালাচ্ছেন, সেখানে কোনো ধরণের আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না বলেও প্রধানমন্ত্রী অভয় দেন।

সাক্ষাৎকারে জুয়েল রানা আরও উল্লেখ করেন, তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে এই খাতের তরুণরা দেশ থেকে কোনো অর্থ বা সম্পত্তি পাচার করে না, বরং রাত জেগে হাড়ভাঙা খাটুনি খেটে বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে; তাই তাদের জন্য সরকারের নীতি আরও বেশি সফট হওয়া উচিত। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অবশ্যই আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন, এরকম কিছু হবে না নিশ্চিন্তে থাকুন; কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন ও ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোনো ধরনের কোনো কিছু ঘটবে না ইনশাআল্লাহ।” ফ্রিল্যান্সিং খাতের এই কর মওকুফের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো লিখিত প্রজ্ঞাপন বা বক্তব্য পাওয়া না গেলেও খোদ সরকার প্রধানের এমন আন্তরিক আশ্বাসে দেশের লাখ লাখ ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা ও ক্রিয়েটরদের মাঝে চরম স্বস্তি ও নতুন উদ্দীপনা ফিরে এসেছে।

/ডিবিটেক/ডিজেই/এমইউআইএম/