ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা
এসএমআর পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বৈঠক
- স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রকৌশল প্রযুক্তিতে সহযোগিতার উদ্যোগ
- জাতীয় জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে পরবর্তী প্রজন্মের নিরাপদ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা
- জ্বালানি খাতে প্রযুক্তি বিনিময় ও পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারে মার্কিন ইতিবাচক মনোভাব
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্মল মডুলার রিঅ্যাক্টরসহ (SMR) নিরাপদ ও আধুনিক পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৭ আগস্ট, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী (সেক্রেটারি অব এনার্জি) ক্রিস রাইটের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, পরবর্তী প্রজন্মের স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR), টেকসই জ্বালানি নিরাপত্তা, কারিগরি জ্ঞান বিনিময় এবং জ্বালানি খাতে পারস্পরিক সহায়তার বহুমুখী সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে আধুনিক পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্নত প্রকৌশল প্রযুক্তি, বিশেষ করে স্মল মডুলার রিঅ্যাক্টরের (SMR) উপযোগিতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।" তিনি আরও জানান, বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তির নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারে অঙ্গীকারবদ্ধ। জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিতে অগ্রসর দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় জোরদার করা প্রয়োজন।
মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, মার্কিন জ্বালানি দফতর পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি এবং বিশেষ করে এসএমআর-এর দ্রুত বিকাশ ও বৈশ্বিক প্রয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার পাশাপাশি পারমাণবিক বিজ্ঞান, উন্নত জ্বালানি প্রকৌশল এবং প্রযুক্তিগত উদ্ভাবনে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।
//ডিবিটেক/এমএএম/এমআইএস//





