৯ সেপ্টেম্বর উন্মোচিত হবে প্রথম ফোল্ডেবল আইফোন!

৯ সেপ্টেম্বর উন্মোচিত হবে প্রথম ফোল্ডেবল আইফোন!
২৭ আগষ্ট, ২০২৬ ০৯:১৯  

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর তাদের নতুন বছরের বহুল প্রতীক্ষিত ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। গত বুধবার আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের সময়সূচি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। 

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে প্রযুক্তি বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই মেগা ইভেন্ট। এবারের আয়োজনের মূল স্লোগান বা ট্যাগলাইন নির্ধারণ করা হয়েছে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। 

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে এই ইভেন্টেই অ্যাপল তাদের প্রথম ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোন উন্মোচন করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

নতুন নেতৃত্ব ও ফোন সংস্করণের পরিবর্তন
অ্যাপলের ইতিহাসে এই অনুষ্ঠানটি একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, কারণ প্রথমবারের মতো প্রধান নির্বাহী (সিইও) হিসেবে ইভেন্টটি পরিচালনা করবেন জন টার্নাস। দীর্ঘদিনের সিইও টিম কুকের কাছ থেকে আগামী ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যাপলের রাজদণ্ড বুঝে নেবেন তিনি। ফলে নতুন এই শীর্ষ নির্বাহীর প্রথম ইভেন্ট হিসেবে এটি ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। 

এই ইভেন্টে ফ্ল্যাগশিপ ‘আইফোন ১৮ প্রো’ এবং ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ মডেল দুটি উন্মোচনের জোরালো সম্ভাবনা রয়েছে, যদিও এগুলোতে বিশাল কোনো নকশাগত পরিবর্তনের চেয়ে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর ওপর বেশি জোর দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ ‘আইফোন ১৮’ মডেলটি চলতি বছরে না এনে আগামী বছর বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

স্মার্ট ডিভাইস ও সফটওয়্যার আপডেট
নতুন স্মার্টফোনের পাশাপাশি পরিধানযোগ্য ডিভাইসের তালিকায় অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রার নতুন সংস্করণ প্রকাশের কথা রয়েছে। একই সাথে বাসা-বাড়ির প্রযুক্তিকে আরও আধুনিক করতে কিছু নতুন স্মার্ট হোম ডিভাইসও গ্রাহকদের সামনে আনতে পারে অ্যাপল। 

শুধু নতুন হার্ডওয়্যারই নয়, গ্রাহকদের বহুল প্রতীক্ষিত আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭ এবং ‘ম্যাকওএস গোল্ডেন গেট’সহ অন্যান্য অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণগুলো কবে নাগাদ চালু করা হবে, সেই চূড়ান্ত তারিখও এই অনুষ্ঠান থেকে জানিয়ে দেওয়া হবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ