ওয়াশিংটনে এটলাস সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
মেরিটাইম পারমাণবিক প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
- সামুদ্রিক ক্ষেত্রে ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও এসএমআর প্রযুক্তির নিরাপদ ব্যবহারে জোর
- রূপপুর পারমাণবিক প্রকল্পের অগ্রগতি এবং ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক পারমাণবিক সক্ষমতা তিনগুণ করার সমর্থনে অবস্থান
- ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ২০ দেশের এটলাস (ATLAS) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ
পারমাণবিক শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। ২৬ আগস্ট, ২০২৬ বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাটমিক টেকনোলজিস লাইসেন্সড ফর অ্যাপ্লিকেশন্স অব সি (ATLAS) মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬’-এ দেশের প্রতিনিধিত্ব করে এ কথা জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। মন্ত্রী পর্যায়ের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সামুদ্রিক ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তি এবং ভাসমান স্মল মডিউলার রিয়্যাক্টর (SMR) ভবিষ্যতের পরিচ্ছন্ন ও কম-কার্বন বিদ্যুৎ সরবরাহে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। ঘনবসতিপূর্ণ ও সীমিত নিজস্ব প্রাকৃতিক সম্পদের দেশ হিসেবে বাংলাদেশকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে হবে। তিনি জানান, প্যারিস চুক্তির গ্লোবাল স্টকটেকের আলোকে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক পারমাণবিক উৎপাদন সক্ষমতা তিনগুণ করার আন্তর্জাতিক উদ্যোগকে বাংলাদেশ সক্রিয়ভাবে সমর্থন করে।
বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির মাইলফলক তুলে ধরে মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্ট-আপের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক নিউক্লিয়ার পরিবারের কার্যকর সদস্যে পরিণত হয়েছে। তবে পারমাণবিক সম্ভাবনার পাশাপাশি সর্বোচ্চ মানের আন্তর্জাতিক সেফগার্ডস, নিরাপত্তা প্রটোকল ও ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, সিভিল নিউক্লিয়ার মেরিটাইম শিল্পের সম্প্রসারণে আইএইএ-এর অ্যাটলাস একটি সময়োপযোগী বৈশ্বিক উদ্যোগ। ভাসমান পারমাণবিক প্রযুক্তির আন্তর্জাতিক নীতিমালা, নিয়ন্ত্রক কাঠামো এবং সক্ষমতা উন্নয়নে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বিত গবেষণা ও প্রযুক্তি বিনিময় অব্যাহত রাখতে বাংলাদেশ গভীরভাবে আগ্রহী।
//ডিবিটেক/জেডইউপি/এমএপি/এসএমই//





