বুলগেরিয়া আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডের দল গঠনে শুরু ১২তম বিডিজেএসও ২০২৬

অনলাইনে শুরু বিডিজেএসও বাছাই পর্ব

  • ২২ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) জাতীয় বাছাই পর্ব।
  • ৬৪ জেলা থেকে প্রায় ১২ হাজার শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
  • বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ২৮ আগস্ট আইইউবিএটি-তে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

অনলাইনে শুরু বিডিজেএসও বাছাই পর্ব
২১ আগষ্ট, ২০২৬ ১৭:৪৩  

বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬)-এ বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)। ২২ আগস্ট, শনিবার সন্ধ্যা ৭টায় সারাদেশে একযোগে অনলাইনে এর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

এবারের অলিম্পিয়াডে দেশের ৬৪টি জেলা থেকে বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছে। শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের নানা প্রশ্নের সমাধান করবে। ৩য়-৫ম শ্রেণির জন্য প্রাইমারি, ৬ষ্ঠ-৮ম শ্রেণির জন্য জুনিয়র এবং ৯মি-এসএসসি শ্রেণির জন্য সেকেন্ডারি—মোট তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে।

অনলাইন বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ২৮ আগস্ট, শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) দিনব্যাপী জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে। দিনব্যাপী এই অনুষ্ঠানে লিখিত পরীক্ষার পাশাপাশি বৈজ্ঞানিক সেশন ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হবে।

জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে বিডিজেএসও জাতীয় ক্যাম্প গঠন করা হবে। সেখান থেকে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও দক্ষতার ওপর ভিত্তি করে আগামী ডিসেম্বরে বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আইজেএসও-র জন্য চূড়ান্ত ৬ সদস্যের বাংলাদেশ জাতীয় দল নির্বাচন করা হবে।

এবারের ১২তম বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। এতে সহযোগী হিসেবে রয়েছে ম্যাসল্যাব, রকমারি, আইইউবিএটি এবং এসিআই অদম্য মেধাবী। বাছাই পর্বের ফলাফল খুব দ্রুতই ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
//ডিবিটেক/এনএপি/এমএসআই//