বিটিআরসি মনিটরিং স্টেশনে টেলিকম সেবা সম্প্রসারণ
স্পেকট্রামের পাশাপাশি চার সেবা দিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পরিপত্র
- বিটিআরসির ৬টি স্পেকট্রাম স্টেশনে ওয়ান স্টপ ও কোয়ালিটি অব সার্ভিস যাচাই সেবা চালু
- অতিরিক্ত ব্যয় ও জনবল ছাড়াই বিদ্যমান কাঠামোতে সিস্টেম ও অপারেশনাল কার্যক্রমের অনুমোদন
- ঘরে বসে অনলাইনে সেবা গ্রহণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ নির্দেশনা জারি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম মনিটরিং স্টেশনগুলোর মাধ্যমে এখন থেকে তরঙ্গ পর্যবেক্ষণের পাশাপাশি বহুমুখী টেলিকম সেবা প্রদান কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জারি করা এক সরকারি পরিপত্রে এ নির্দেশনা প্রদান করা হয়।
২৪ আগস্ট পরিপত্রটি পাওয়ার কথা নিশ্চিত হরেছে বিটিআরসি’র সংশ্লিষ্ট সূত্র। সূতমতে, দ্রুত ও টেকসই টেলিসেবা নিশ্চিত করতে বিটিআরসি এর কাজের পরিধি বাড়ানোর পাশাশি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সেবার পরিসর বাড়ায় এতে মাঠ পর্যায়ে সেবা দিতে বিটিআরসি’র আরো বেশি জনবল নিযুক্তের সুযোগ সৃষ্টি হলো।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক ১৯ আগস্ট বুধবার স্বাক্ষরিত ওই পরিপত্রে জানানো হয়, বিটিআরসির ৬টি মনিটরিং স্টেশনে তরঙ্গ মনিটরিং কার্যক্রমের পাশাপাশি নতুন জনবল বা অতিরিক্ত ব্যয় বৃদ্ধি ছাড়া বিদ্যমান জনবল ও বাজেট দ্বারাই চারটি সুনির্দিষ্ট সেবা কার্যক্রম পরিচালিত হবে। এই পরিপত্রের ফলে এখন থেকে স্পেকট্রাম বিভাগের পাশাপাশি সিস্টেম অ্যান্ড সার্ভিসেস (এসএস), ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস (ইঅ্যান্ডও) এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সেবা মাঠপর্যায়ে পরিচালনা করা যাবে।
অনুমোদিত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে— বিটিআরসি সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা সংশ্লিষ্ট 'ওয়ান স্টপ সার্ভিস', সাধারণ ডকুমেন্ট গ্রহণ, মনিটরিং ও কোয়ালিটি অব সার্ভিস (QoS) সংক্রান্ত মাঠপর্যায়ের তথ্য উদ্ঘাটন এবং ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের টেলিযোগাযোগ সম্পর্কিত কার্যক্রম সহজীকরণে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক তথ্য প্রদান।
পরিপত্রে আরও নির্দেশ দেওয়া হয়, গ্রাহকেরা যাতে ঘরে বসে অনলাইনে ওয়ান স্টপ সেবা, ডকুমেন্ট জমা এবং তথ্য প্রাপ্তির সুবিধা পেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ডিজিটাল উদ্যোগ গ্রহণ ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা বিটিআরসি চেয়ারম্যানের দফতরে পাঠিয়ে দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর স্পেকট্রাম মনিটরিং স্টেশন হলো বেতার তরঙ্গ বা রেডিও ফ্রিকোয়েন্সি সঠিকভাবে পর্যবেক্ষণ ও পরিচালনার বিশেষ কেন্দ্র। দেশব্যাপী ফ্রিকোয়েন্সির অবৈধ ব্যবহার রোধ, মোবাইল নেটওয়ার্কের মান যাচাই এবং তরঙ্গ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর ও বগুড়ায় মোট ৬টি স্থায়ী স্টেশন রয়েছে। এসব স্টেশন থেকে এক নেটওয়ার্কের তরঙ্গ অন্যটিতে সমস্যা করছে কি না তা খোঁজা, বিভিন্ন অপারেটর ঠিকমতো তরঙ্গ ব্যবহার করছে কি না তা পর্যবেক্ষণ এবং সরকারের অনুমতি ছাড়া কেউ বেতার তরঙ্গ ব্যবহার করলে তা ধরার মধ্যেই সীমাবদ্ধ ছিলো।
তবে পরিপত্র জারির ফলে এই কাজের পরিসর বাড়লো। আর এই কাজের পরিসর বাড়ায় বিটিআরসি থেকে বদলী ও পদায়নের সুযোগ বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্রটি জানিয়েছে, বর্তমানে প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সেবাগ্রহিতাদেরবে ঢাকার প্রধান কার্যালয়ে ডকুমেন্ট জমা দিতে হলেও নতুন নিয়মের কারণে বিভাগী অফিস থেকেই নতুন করে যুক্ত করা সেবাগুলোও মিলবে।
//ডিবিটেক/এমএএস/এসএমই//





