আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সফল খেলোয়াড়দের সংবর্ধনা দিল যবিপ্রবি

৫ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নসহ বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনে আয়োজন, ক্রীড়াবিদদের জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার আহ্বান

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সফল খেলোয়াড়দের সংবর্ধনা দিল যবিপ্রবি
২৪ আগষ্ট, ২০২৬ ০০:১৩  
২৪ আগষ্ট, ২০২৬ ১৬:২০  

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এ পদকপ্রাপ্ত কৃতী খেলোয়াড়দের এক জমকালো সংবর্ধনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ২৩ আগস্ট, রবিবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রতিযোগিতায় দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যবিপ্রবির খেলোয়াড়রা মোট ৫টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, ২টি ক্যাটাগরিতে রানার-আপ এবং ৬টি ক্যাটাগরিতে দ্বিতীয় রানার-আপ হওয়ার সাফল্য অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টে শিক্ষার্থীরা ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক লাভ করে। মোট ১৫টি ইভেন্টের মধ্যে যবিপ্রবি ১১টি ইভেন্টে ৯৩ জন খেলোয়াড়ের দল নিয়ে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে সকল কোচ, ম্যানেজার এবং দপ্তরের প্রাক্তন পরিচালকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রায়হান রাকিব বলে ২৩ আগস্ট ২০২৬, রবিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//