ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা
৫টি গেম স্টুডিও বন্ধ ও 'ব্লেড' গেম বাতিল করতে পারে এক্সবক্স
ভিডিও গেমপ্রেমীদের জন্য বড় ধাক্কা নিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের গেম বিভাগ ‘এক্সবক্স’। আগামী ৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া এক বিশাল ছাঁটাই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের বিখ্যাত গেম স্টুডিও ‘আর্কেন’ বন্ধ এবং ২০২৩ সাল থেকে নির্মাণাধীন বহুল প্রতীক্ষিত ‘ব্লেড’ গেমটি পুরোপুরি বাতিল করার কথা ভাবছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট আগামী সপ্তাহে তাদের মালিকানাধীন অন্তত পাঁচটি গেম স্টুডিও সম্পূর্ণ বন্ধ অথবা বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই তালিকায় রয়েছে—কম্পালশন গেমস, ডাবল ফাইন, নিনজা থিওরি, আনডেড ল্যাবস এবং আর্কেন স্টুডিওস।
মার্ভেলের জনপ্রিয় চরিত্র অবলম্বনে তৈরি হচ্ছিল ‘ব্লেড’ গেমটি। তবে গত দুই বছরে এই গেমটির নতুন কোনো আপডেট আসেনি। অভ্যন্তরীণ সূত্রের খবর, গেমটির নির্মাণ খরচ নির্ধারিত বাজেট ছাড়িয়ে গেছে এবং এটি তৈরিতে অনেক বেশি বিলম্ব হচ্ছে। এ কারণে এক্সবক্স এখন আর্কেনসহ অন্য স্টুডিওগুলোকে কোনো উপযুক্ত ক্রেতার কাছে বিক্রি করার পথ খুঁজছে।
সম্প্রতি এক্সবক্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশা শর্মা এবং প্রধান কন্টেন্ট কর্মকর্তা ম্যাট বুটি কর্মীদের কাছে পাঠানো এক যৌথ বার্তায় সতর্ক করে বলেছিলেন, "আমরা আমাদের সীমার চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়ে পড়েছি। ভবিষ্যতের জন্য এটি এভাবে চলতে দেওয়া যায় না।" এই ঘোষণার পরপরই এক্সবক্সের কর্মী ইউনিয়নগুলো মাইক্রোসফটের শীর্ষ নেতৃত্বের ওপর তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে এবং ছাঁটাই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছে।
উল্লেখ্য, ‘আর্কেন স্টুডিওস’ গেমারদের কাছে ‘ডিশনঅর্ড’ এবং ‘ডেথলুপ’-এর মতো জনপ্রিয় প্রথম-ব্যক্তি ছদ্মবেশী (ফার্স্ট-পারসন স্টিলথ) গেম তৈরির জন্য অত্যন্ত সমাদৃত। এর আগে ২০২৪ সালেও মাইক্রোসফট তাদের এক দফা ছাঁটাইয়ের সময় আর্কেনের সহযোগী স্টুডিও ‘আর্কেন অস্টিন’ বন্ধ করে দিয়েছিল।
২০২৩ সালে ভিডিও গেম ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হিসেবে ৬ হাজার ৯০০ কোটি ডলারে ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ কিনে নেয় মাইক্রোসফট। এরপর থেকেই গেম শিল্পে একের পর এক ছাঁটাইয়ের ঘটনা ঘটছে। ২০২৪ সালেই এই খাতে প্রায় ১৪ হাজার ৬০০ কর্মী চাকরি হারিয়েছেন এবং ২০২৫ সালের মাঝামাঝিতেও মাইক্রোসফট তাদের বিভিন্ন বিভাগ থেকে ৯ হাজার কর্মী ছাঁটাই করেছিল। ২০২৬ সালের এই নতুন ছাঁটাইয়ের ধাক্কা গেম শিল্পে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





