মিররলেস বনাম ডিএসএলআর: ক্যামেরার দুনিয়ায় কোনটি সেরা?
প্রযুক্তির বাজারে এখন ‘মিররলেস’ ক্যামেরার জয়জয়কার হলেও, পুরোনো দিনের আভিজাত্য নিয়ে টিকে থাকা ভালো মানের ডিএসএলআরের আবেদন কিন্তু এখনই শেষ হয়ে যায়নি।
নতুনদের জন্য প্রথম ক্যামেরা কেনার অভিজ্ঞতা আগে ছিল বেশ হিসাব-নিকাশের- নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নির্বাচন, বাজেট নির্ধারণ আর জুম কতখানি প্রয়োজন, তা নিয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হতো। কিন্তু বর্তমানে ক্যামেরা কেনার আগে যে বিষয়টি তালিকার সবার ওপরে উঠে আসে তা হলো- ডিএসএলআর নাকি মিররলেস?
নতুন কোনো ব্যবহারকারী যদি আজ ক্যামেরা কিনতে যান, তবে তার জন্য সহজ ও এককথার উত্তর হলো- মিররলেস। গত কয়েক বছরে ক্যামেরা প্রস্তুতকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক অটোফোকাস প্রযুক্তি, ভিডিও সক্ষমতা এবং নিত্যনতুন লেন্সের সিংহভাগই এনেছে তাদের মিররলেস লাইনে। শিক্ষানবিসদের জন্য তৈরি 'এপিএস-সি' সেন্সর থেকে শুরু করে পেশাদারদের জন্য 'ফুল-ফ্রেমে'র মডেল- সব স্তরের ব্যবহারকারীর জন্যই মিররলেস এখন সবচেয়ে আকর্ষণীয় পছন্দ।
তবে এর মানে এই নয় যে ডিএসএলআর ক্যামেরাগুলো রাতারাতি খারাপ হয়ে গেছে। মূল বিষয় হলো, ক্যামেরা শিল্প প্রযুক্তির গতিপথ এখন আর ডিএসএলআরের দিকে নেই। ডিএসএলআর (ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফ্লেক্স) এবং মিররলেস- উভয়ই ডিজিটাল ক্যামেরা। তবে মূল পার্থক্য হলো, লেন্স থেকে আসা আলো কীভাবে আপনার চোখ এবং সেন্সর পর্যন্ত পৌঁছায়।
মিরর সরিয়ে নেওয়ায় বাস্তবে কী পরিবর্তন এলো?
একটি ডিএসএলআর ক্যামেরার ভেতরে 'মিরর' বা কাচ থাকে, যা লেন্স থেকে আসা আলোকে প্রতিফলিত করে অপটিক্যাল ভিউফাইন্ডারে পাঠায়। সাটার বাটনে চাপ দিলে সেই মিররটি ওপরে উঠে যায় এবং সেন্সর ছবিটি ধারণ করে। অন্যদিকে, মিররলেস ক্যামেরায় এই যান্ত্রিক আয়নার ব্যবস্থাটি থাকেই না। আলো সরাসরি সেন্সরে গিয়ে পড়ে এবং সেন্সর থেকে পাওয়া লাইভ ফিডটি পেছনের ডিসপ্লে বা ইলেকট্রনিক ভিউফাইন্ডারে ফুটে ওঠে।
প্রযুক্তিগত দিক থেকে এটিকে দেখতে একটি ছোট পরিবর্তন মনে হলেও, ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে এটি এক বিশাল বিপ্লব ঘটিয়েছে।
মিররলেস ক্যামেরায় সেন্সর সরাসরি দৃশ্যের মুখোমুখি থাকায় এতে অটোফোকাস পয়েন্ট অনেক বেশি থাকে। এটি মানুষের চোখ, পশুপাখি বা যানবাহন সহজেই শনাক্ত করতে পারে। এমনকি ছবি তোলার আগেই স্ক্রিনে ছবির আলো-আঁধারির (এক্সপোজার) নিখুঁত প্রিভিউ দেখা যায়। এতে নতুন আলোকচিত্রীদের জন্য সঠিক ছবি তোলা বেশ সহজ হয়ে ওঠে। এছাড়া এতে কোনো মেকানিক্যাল মিরর উঠা-নামার ঝামেলা না থাকায় ইলেকট্রনিক সাটারের সাহায্যে অত্যন্ত দ্রুতগতিতে অনেকগুলো ছবি তোলা সম্ভব হয়।
তবে ডিএসএলআরের নিজস্ব কিছু সুবিধাও রয়েছে। এর অপটিক্যাল ভিউফাইন্ডার দেখার জন্য অতিরিক্ত কোনো ডিজিটাল স্ক্রিনের শক্তি বা ব্যাটারি খরচ করতে হয় না। ফলে ডিএসএলআর ক্যামেরার ব্যাটারি লাইফ সাধারণত মিররলেসের চেয়ে অনেক ভালো হয়। অন্যদিকে, মিররলেস ক্যামেরা আকৃতিতে ছোট ও হালকা হলেও, এর সামনে বড় সাইজের টেলিফটো লেন্স যুক্ত করলে সেই হালকা অনুভূতির ইল্যুউশন বা ভ্রম দ্রুতই কেটে যায়।
ছবির মানের বিচারে দুটি প্রযুক্তির পার্থক্য খুব স্পষ্ট নয়। ভালো সেন্সর ও উন্নত লেন্সের সংমিশ্রণে উভয় ক্যামেরা দিয়েই অসাধারণ ছবি তোলা সম্ভব। তবে অটোফোকাসের গতি, শুটিং স্পিড, উন্নত ভিডিও এবং সার্বিক ব্যবহারের স্বাচ্ছন্দ্যের কারণে ক্যানন বা নিকনের মতো বড় কোম্পানিগুলো এখন মিররলেসের দিকে ঝুঁকেছে।
ডিএসএলআর ব্যবহারে এখনও কি যুক্তি আছে?
কেউ যদি একদম নতুন করে লেন্স-পরিবর্তনযোগ্য ক্যামেরা কিনতে চান, তবে সিদ্ধান্ত খুব সহজ- একটি ভালো মিররলেস ক্যামেরা বেছে নেওয়া।
তবে যারা ইতোমধ্যেই ডিএসএলআর ব্যবহার করছেন, তাদের হিসাবটা ভিন্ন। আপনার ক্যামেরা ব্যাগে যদি প্রচুর দামি ক্যানন 'ইএফ' বা নিকন 'এফ' লেন্স এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম থাকে- তবে হুট করে পুরো সিস্টেম বদলে নতুন প্রযুক্তি গ্রহণ করাটা বেশ ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় হতে পারে। তাছাড়া লেন্স অ্যাডাপ্টার ব্যবহার করে পুরোনো ডিএসএলআরের লেন্সগুলোকেও নতুন মিররলেস বডিতে মানিয়ে নেওয়া সম্ভব।
তবুও সাম্প্রতিক সময়ে পেশাদার আলোকচিত্রীদের ঝোঁক স্পষ্টতই মিররলেসের দিকে। ফটো-ব্লগ ‘শর্টকিট’-এর ১,০০০ আলোকচিত্রীর ওপর চালানো এক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া পেশাদারদের ৬৩ শতাংশই এখন মিররলেস ক্যামেরা ব্যবহার করছেন।
ক্যানন ও নিকনের প্রোডাক্ট লাইনের দিকে তাকালেও বাজারের এই রূপান্তর স্পষ্ট বোঝা যায়। ২০২০ সালের পর নিকন আর কোনো নতুন ডিএসএলআর বাজারে আনেনি, বরং সম্পূর্ণ মনোযোগ দিয়েছে তাদের 'জেড' সিরিজের মিররলেস সিস্টেমে। ব্যতিক্রম শুধু ‘পেন্টাক্স’; তাদের অভিভাবক প্রতিষ্ঠান রিকো জানিয়েছে, তারা এসএলআর প্রযুক্তি নিয়ে কাজ চালিয়ে যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে সরবরাহকৃত লেন্স-পরিবর্তনযোগ্য ক্যামেরাগুলোর প্রায় ৯০ শতাংশই ছিল মিররলেস। সার্বিকভাবে ডিএসএলআর এখনো কার্যকর, কোটি আলোকচিত্রীর পরিচিত এবং ব্যবহৃত ক্যামেরার বাজারে কম দামে পাওয়ার জন্য সেরা হতে পারে। তবে এই সময়ে এসে একদম নতুন করে কেবল ডিএসএলআর-ভিত্তিক একটি সেটআপ বা সিস্টেম তৈরি করা প্রযুক্তিগতভাবে খুব একটা অর্থবহ নয়।
ডিবিটেক/বিএমটি





