হটলাইন, এএসএমএস ও ওয়েব-অ্যাপে ভোটকেন্দ্রের তথ্য
ঘরে বসেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর মিলবে যেভাবে
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণের ভোটপ্রদানের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ফোন থেকে কল করে কিংবা এসএমএস করে যেমন ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। একইসঙ্গে অ্যাপ কিংবা ওয়েব থেকেও মিলবে এই সুবিধা।
নির্বাচন কমিশনের বরাত দিয়ে ৭ ফেব্রুয়ারি, শনিবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপে
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি (Smart Election Management BD) অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা। এজন্য ভোটারকে Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।
হটলাইন নম্বর ১০৫
ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য বাংলাদেশের যে-কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। এজন্য হটলাইন নম্বর ১০৫-এ কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন। এজন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বর ১০৫-এ কল করতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
এসএমএস-এর মাধ্যমে
এসএমএস-এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার বা মোবাইলের যে-কোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা, উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে



