আইক্লাউড প্লাস বনাম অ্যাপল ওয়ান: আপনার জন্য কোনটি সেরা?

আইক্লাউড প্লাস বনাম অ্যাপল ওয়ান: আপনার জন্য কোনটি সেরা?
১৫ জুলাই, ২০২৬ ২০:০২  

"ইওর আইক্লাউড স্টোরেজ ইজ অলমোস্ট ফুল" (আপনার আইক্লাউড স্টোরেজ প্রায় পূর্ণ)- যদি আপনি দীর্ঘদিন ধরে অ্যাপল ডিভাইস ব্যবহার করে থাকেন, তবে এই নোটিফিকেশন বা ইমেইলের সাথে আপনি নিশ্চিতভাবেই পরিচিত। অ্যাপলের ফ্রি প্ল্যানে মাত্র ৫ জিবি স্টোরেজ পাওয়া যায়, যা বর্তমান সময়ে খুবই অপর্যাপ্ত। এই স্টোরেজ বাড়ানোর জন্য অ্যাপলের দুটি মূল অপশন রয়েছে- আইক্লাউড প্লাস এবং অ্যাপল ওয়ান বান্ডেল। কিন্তু আপনার প্রয়োজনের জন্য কোনটি নেওয়া বেশি লাভজনক হবে?

আইক্লাউড প্লাস কী এবং এর খরচ কত?
আইক্লাউড হলো অ্যাপলের ক্লাউড সিঙ্কিং সার্ভিস, যা আপনার ছবি, ভিডিও, ফাইল এবং নোট সব ডিভাইসে অটোমেটিক ব্যাকআপ ও সিঙ্ক করে রাখে। আইক্লাউড প্লাস মূলত এই স্টোরেজের পরিমাণ বাড়িয়ে দেয় এবং এর সাথে কিছু প্রিমিয়াম প্রাইভেসি ফিচার যোগ করে। যেমন—

    আইক্লাউড প্রাইভেট রিলে: সাফারি ব্রাউজারে আপনার আইপি অ্যাড্রেস ও ওয়েব ট্রাফিক এনক্রিপ্ট করে রাখে।

    হাইড মাই ইমেইল: বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে আসল ইমেল না দিয়ে র‍্যান্ডম ইমেইল ব্যবহারের সুবিধা দেয়।

    কাস্টম ইমেইল ডোমেইন: নিজের কেনা ডোমেইন দিয়ে আইক্লাউড ইমেইল পারসোনালাইজ করা যায়।

যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট অনুযায়ী এর মাসিক খরচ:
    50GB: $1 (সাথে ১টি হোমকিট সিকিউর ভিডিও ক্যামেরার সুবিধা)
    200GB: $3 (৫টি ক্যামেরার সুবিধা)
    2TB: $10 (আনলিমিটেড ক্যামেরার সুবিধা)
    6TB ও 12TB: যথাক্রমে $30 এবং $60 প্রতি মাস।
    (দ্রষ্টব্য: আপনি যদি বাংলাদেশ থেকে ইউএসএ রিজিয়নের অ্যাপল আইডি ব্যবহার করেন, তবে এই ডলার রেট প্রযোজ্য হবে)।

অ্যাপল ওয়ান কী এবং এর সুবিধা কী?
অ্যাপল ওয়ান হলো অ্যাপলের বিভিন্ন সাবস্ক্রিপশন সার্ভিসের একটি অল-ইন-ওয়ান বান্ডেল প্যাকেজ। এতে আইক্লাউড প্লাস স্টোরেজের পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি প্লাস এবং অ্যাপল আর্কেড গেমসের অ্যাক্সেস পাওয়া যায়।

এর মাসিক প্ল্যানগুলো নিম্নরূপ:
    ইন্ডিভিজুয়াল: $20/মাস (পাবেন 50GB iCloud+, Apple TV, Music, Arcade)। আলাদাভাবে এগুলো নিলে খরচ হতো $32, অর্থাৎ এখানে $12 সাশ্রয় হচ্ছে।

    ফ্যামিলি: $26/মাস (পাবেন 200GB iCloud+ এবং বাকি সব সার্ভিস, যা সর্বোচ্চ ৫ জন ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করা যায়)।

    প্রিমিয়ার: $38/মাস (পাবেন 2TB iCloud+, TV, Music, Arcade-এর পাশাপাশি Apple Fitness+ এবং News+)। এই প্ল্যানে আলাদা আলাদা সাবস্ক্রিপশনের চেয়ে প্রায় $32 সাশ্রয় হয়।

তাহলে আপনি কোনটি বেছে নেবেন?
সিদ্ধান্তটি খুবই সহজ:
১. শুধু বাড়তি স্টোরেজ লাগলে: আপনার যদি গান শোনা বা গেম খেলার বাড়তি অ্যাপল সার্ভিসের প্রয়োজন না থাকে এবং শুধু ছবি-ফাইলের ব্যাকআপের জন্য স্পেস দরকার হয়, তবে আইক্লাইড প্লাস সাবস্ক্রিপশন নেওয়াটাই সবচেয়ে সাশ্রয়ী ও বুদ্ধিমানের কাজ হবে।

২. একাধিক অ্যাপল সার্ভিস ব্যবহার করলে: আপনি যদি ইতিমধ্যেই অ্যাপল মিউজিক ব্যবহার করেন বা অ্যাপল টিভি প্লাসের শো দেখেন, তবে আলাদা আলাদা টাকা না দিয়ে অ্যাপল ওয়ান বেছে নেওয়া উচিত। এতে প্রতি মাসে বেশ ভালো অংকের টাকা বেঁচে যাবে।

সাবস্ক্রিপশন বন্ধ বা ডাউনগ্রেড করলে কী হবে?
টাকা দেওয়া বন্ধ করলেই অ্যাপল সাথে সাথে আপনার সব ফাইল ডিলিট করে দেবে না। তবে আপনার ডেটা যদি ফ্রি ৫ জিবির বেশি হয়ে থাকে, তাহলে নতুন করে কোনো ফাইল বা ছবি সিঙ্ক কিংবা ব্যাকআপ হবে না। অ্যাপলের শর্তাবলী অনুযায়ী, কোনো ডিভাইস যদি টানা ১৮০ দিন আইক্লাউডে ব্যাকআপ না নেয়, তবে অ্যাপল সেই ডিভাইসের পুরনো ব্যাকআপ ডিলিট করার অধিকার রাখে।

তাই সাবস্ক্রিপশন ক্যানসেল করার আগে আপনার ম্যাক, আইফোন বা এক্সটার্নাল ড্রাইভে ফাইল ও অরিজিনাল ফটোগুলো ডাউনলোড করে ব্যাকআপ নিয়ে নেওয়া নিরাপদ।

ডিবিটেক/বিএমটি