অ্যান্ড্রয়েডে এলো স্পটিফাইয়ের ‘রানিং মোড’

অ্যান্ড্রয়েডে এলো স্পটিফাইয়ের ‘রানিং মোড’
২০ আগষ্ট, ২০২৬ ০৯:১২  

আইওএস বা আইফোনে চালুর পর এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ‘রানিং মোড’ সুবিধা উন্মুক্ত করেছে জনপ্রিয় গান শোনার প্ল্যাটফর্ম স্পটিফাই। এর মাধ্যমে দৌড় বা শরীরচর্চার সময় ব্যবহারকারীর পছন্দ ও দৌড়ের ছন্দের সঙ্গে মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে। 

আপাতভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সুইডেনের অ্যান্ড্রয়েড গ্রাহকেরা এখন স্পটিফাইয়ের ‘ফিটনেস হাব’ থেকে সরাসরি এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

কাস্টমাইজেশন ও বিট ম্যাচিং ফিচার
নতুন এই ফিচারে ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কআউট ও মিউজিক ক্যাটাগরি অনুযায়ী ২৫টি আলাদা প্রি-সেট দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা তাঁদের দৌড়ের সময়সীমা নির্ধারণ করতে পারবেন এবং নির্দিষ্ট গতি বজায় রাখতে ‘বিট ম্যাচিং’ ফিচার সক্রিয় করতে পারবেন। 

এই বিট ম্যাচিং সুবিধাটি গানের ছন্দ বা বিটের সঙ্গে ব্যবহারকারীর দৌড়ানোর গতিকে মিলিয়ে দেয়। এ ছাড়া এতে প্রয়োজনীয় অডিও নির্দেশনা বা ‘অডিও কিউ’ চালু বা বন্ধ রাখার সুযোগও রাখা হয়েছে।

এআই ও ফিটনেসের মেলবন্ধন
২০১৮ সালে শুরু করা একটি প্রাথমিক পরীক্ষা এবং চলতি ২০২৬ সালের শুরুতে চালু হওয়া এআই ‘প্রম্পটেড প্লেলিস্ট’-এর ওপর ভিত্তি করেই স্পটিফাই নতুন এই রানিং মোডটি উন্নত করেছে। 

প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সবচেয়ে জনপ্রিয় প্রম্পটগুলোর একটি ছিল ফিটনেস বা এক্সারসাইজকেন্দ্রিক গান খোঁজা। সেই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই এআই প্রযুক্তিকে গান শোনা ও শরীরচর্চার সুবিধার সঙ্গে যুক্ত করেছে স্পটিফাই।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট