কিশোরদের সুরক্ষায় চ্যাটজিপিটির নতুন ‘টিন মোড’ চালু

কিশোরদের সুরক্ষায় চ্যাটজিপিটির নতুন ‘টিন মোড’ চালু
১৯ আগষ্ট, ২০২৬ ১৩:৫৬  

কিশোর-কিশোরীদের এআই ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি অতিরিক্ত মানসিক নির্ভরতা কমাতে ‘চ্যাটজিপিটি ফর টিনস’ নামক নতুন একটি বিশেষ ব্যবস্থা চালু করেছে ওপেনএআই। 

১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী কিংবা এআই সিস্টেমে যাদের বয়স ১৮-র নিচে হিসেবে শনাক্ত করা যাবে, তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এই নতুন অভিজ্ঞতা যুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে নতুন অ্যাকাউন্ট তৈরি বা সেটিংস পরিবর্তন করার প্রয়োজন হবে না। 

গত বছর এক ১৬ বছর বয়সী কিশোরের ট্র্যাজিক মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হওয়ার পর প্রতিষ্ঠানটি এ ধরনের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ও সুরক্ষাব্যবস্থা তৈরির কাজ শুরু করে। 

পড়াশোনায় সহায়তায় ‘স্টাডি মোড’ ও ‘স্টাডি আওয়ার্স’
নতুন এই সংস্করণটি মূলত শিক্ষা ও নিরাপত্তা- এই দুটি মূল স্তম্ভের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ধাপে ধাপে বুঝিয়ে সঠিক উত্তর খুঁজে পেতে সাহায্য করতে এতে যুক্ত করা হয়েছে ‘স্টাডি মোড’। 

কোনো ব্যবহারকারী সরাসরি হোমওয়ার্কের উত্তর চাওয়ার মাধ্যমে কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করলে এআই তা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে স্টাডি মোডে নির্দেশ করবে। এ ছাড়া ‘স্টাডি আওয়ার্স’ ফিচারের মাধ্যমে শিক্ষার্থী বা অভিভাবকেরা নির্দিষ্ট সময় ঠিক করে দিতে পারবেন, যখন চ্যাটজিপিটি কেবল স্টাডি মোডেই পরিচালিত হবে। জটিল পড়া সহজে বোঝানোর জন্য এতে ৩০০টিরও বেশি বিষয়ে ভিজ্যুয়াল বা গ্রাফিক্যাল চিত্র তৈরির সুবিধাও যুক্ত হয়েছে। 

মানসিক নিরাপত্তা ও অভিভাবকদের সতর্কতা
কিশোর ব্যবহারকারীরা যাতে চ্যাটজিপিটিকে মানুষের মতো ভেবে আবেগীয় সম্পর্ক তৈরি না করে, সে জন্য কঠোর সীমা নির্ধারণ করা হয়েছে। এআই নিজেকে কোনো ব্যবহারকারীর ‘বন্ধু’ বলতে পারবে না কিংবা নিজের মানবিক অনুভূতি বা চেতনা আছে বলে দাবি করতে পারবে না। দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে ঘন ঘন বিরতি নেওয়ার রিমাইন্ডারের পাশাপাশি অভিভাবকেরা এতে ‘কোয়ায়েট আওয়ার্স’ বা ব্যবহারে বিরতির নির্দিষ্ট সময় ঠিক করে দিতে পারবেন। 

অন্যান্য নিরাপত্তার অংশ হিসেবে, কিশোর ব্যবহারকারীরা গুরুতর আত্মক্ষতি বা ‘ইটিং ডিসঅর্ডার’-এর মতো ঝুঁকিপূর্ণ বিষয়ের আলাপে জড়িয়ে পড়লে অভিভাবককে ইমেইল, এসএমএস বা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হবে। 

ওপেনএআইয়ের মানব কর্মীরা এ ধরনের তথ্য পর্যালোচনা করে এক ঘণ্টার মধ্যে অভিভাবকের কাছে বার্তা পৌঁছে দেবেন। বিশ্বজুড়ে সব অঞ্চলের কিশোর ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করার কাজ শুরু হয়েছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট