৩ কোটির ক্লাব ছাড়িয়েছে বনলতা এক্সপ্রেস
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। পরিচালক তানিম নূরের এই ছবিটি দর্শক চাহিদা বাড়ায় বর্তমানে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস ও কে-স্ক্রিন সিনেপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখায় একদিনে বহু শো চলায় দর্শকদের উপস্থিতিও লক্ষ্যণীয়। তবে জনপ্রিয়তা বাড়লেও কিছু দর্শক টিকিট না পেয়ে ভোগান্তির কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় তারা অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। ফলে ‘বনলতা এক্সপ্রেস’র শো আরও বাড়ানোর দাবি উঠছে।
এমন চাহিদার ভারে মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রবেশ করেছে ৩ কোটির ক্লাবে। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির টিম দাবি করেছে, বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির মোট গ্রস আয় ৩ কোটি টাকার বেশি।
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ একাধিক তারকা এতে অভিনয় করেছেন। পরিচালক জানান, দর্শকদের ইতিবাচক সাড়া ও পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখার প্রবণতাই ছবিটির সাফল্যের বড় কারণ।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম







