দক্ষিণ কোরিয়ার কেজি মোবিলিটিতে চীনের চেরির ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ

দক্ষিণ কোরিয়ার কেজি মোবিলিটিতে চীনের চেরির ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ
৩ আগষ্ট, ২০২৬ ১৯:৫৮  

চীনের অন্যতম শীর্ষ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চেরি অটোমোবাইল দক্ষিণ কোরিয়ার গাড়িনির্মাতা কেজি মোবিলিটি কর্পোরেশনে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রূপান্তরযোগ্য বন্ডের (কনভার্টিবল বন্ড) মাধ্যমে এই বিনিয়োগ সম্পন্ন হবে, যা পরবর্তীতে শেয়ারে রূপান্তরিত হলে চেরি কেজি মোবিলিটির প্রায় ১০ শতাংশ মালিকানা লাভ করবে। 

বৈশ্বিক উৎপাদন ও বাজার সম্প্রসারণ
চেরি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ঝাং গুইবিং জানিয়েছেন, বিশ্বজুড়ে চেরির একাধিক উৎপাদন কারখানা বা ম্যানুফ্যাকচারিং বেস রয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে কেজি মোবিলিটির সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক উৎপাদন সক্ষমতা ভাগাভাগি, বিপণন চ্যানেল তৈরি এবং ব্র্যান্ডগত সহযোগিতার বড় সুযোগ উন্মোচিত হবে। চীনের বৃহত্তম গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই চেরির অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি প্রয়োজনীয় আইন ও নীতিমালা মেনে মার্কিন বাজারে প্রবেশের সম্ভাবনাও খতিয়ে দেখছে চেরি।

নতুন এসইউভি ও প্রযুক্তিগত সহযোগিতা
এই অংশীদারিত্বের অংশ হিসেবে কেজি মোবিলিটি তাদের সংকেত নাম ‘SE-10’ সম্বলিত একটি মাঝারি আকারের এসইউভি বাজারে আনার পরিকল্পনা করেছে। চেরির ‘T2X’ প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্মিত এই গাড়িটি পেট্রোল এবং প্লাগ-ইন হাইব্রিড—উভয় সংস্করণে দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হবে। 
পূর্বে ‘স্যাংইয়ং মোটর’ নামে পরিচিত কেজি মোবিলিটি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই, কিয়া এবং জেনারেল মোটরসের (জিএম) পরই অন্যতম শীর্ষ গাড়িনির্মাতা। 

চলতি বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি ৫৫ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করেছে, যার প্রায় ৬০ শতাংশই ছিল রপ্তানি। কেবল গাড়ি নির্মাণেই সীমাবদ্ধ না থেকে সেমিকন্ডাক্টর, রোবোটিক্স, কাঁচামাল এবং ইস্পাত খাতের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে যৌথ গবেষণার জন্য দুই প্রতিষ্ঠান মিলে একটি বিশেষ ‘টাস্কফোর্স’ গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স