দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাসের যাত্রা শুরু

ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’ চালু

  • ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে মেরুল বাড্ডা ক্যাম্পাসে চালু হলো ‘বাংলা কিউআর’
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন
  • টিউশন ফি, ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাসের দোকানের সকল লেনদেন এখন থেকে ডিজিটালি সম্পন্ন করা যাবে

ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’  চালু
৩১ জুলাই, ২০২৬ ০০:০০  

বাংলাদেশ ব্যাংকের 'ক্যাশলেস বাংলাদেশ' গড়ার রূপকল্পকে গতিশীল করতে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে চালু হয়েছে সমন্বিত 'বাংলা কিউআর' সেবা। প্রযুক্তিভিত্তিক এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা এখন থেকে দ্রুত, সহজ ও নিরাপদ উপায়ে শতভাগ নগদবিহীন আর্থিক লেনদেন করতে পারবেন।

ইউনিভার্সিটিতে আয়োজিত ৩০ জুলাই, বৃহস্পতিবার ব্র্যাক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ আনুষ্ঠানিকভাবে এই কিউআর সেবার উদ্বোধন করেন।

এই উদ্যোগের ফলে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের টিউশন ফি, অন্যান্য একাডেমিক ফি প্রদান, ক্যাফেটেরিয়া এবং অভ্যন্তরীণ যেকোনো খুচরা দোকানের কেনাকাটার বিল সরাসরি 'বাংলা কিউআর' এবং ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মেটানো যাবে। যেকোনো ব্যাংক কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাপ দিয়ে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

উদ্বোধনী পর্ব শেষে গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভায় অংশ নেন এবং ক্যাশলেস ইকোসিস্টেম গঠনে সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন কৌশলগত পরিকল্পনার কথা তুলে ধরেন।অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, "প্রযুক্তি কীভাবে দৈনন্দিন লেনদেন সহজ ও নিরাপদ করতে পারে, এটি তার উজ্জ্বল উদাহরণ। দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস গড়ার যাত্রায় যুক্ত হতে পেরে আমরা গর্বিত।"

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, "বাংলা কিউআর অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার বড় পদক্ষেপ। তবে এর সফলতায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ও সবার হাতে স্মার্ট ডিভাইস নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালকবৃন্দ এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাব।
//ডিবিটেক/ বিটিও/ এসআই//