৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ২৬টি সম্মাননা প্রদান
২৬টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা প্রদান করার মাধ্যমে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড। এ বছর ১৪টি বিশেষায়িত ক্যাটেগরিতে ১৪টি উদ্যোগ জয়ী এবং ১২টি উদ্যোগ অনারেবল মেনশন মর্যাদা অর্জন করেছে।
এবারের ফিনটেক অ্যাওয়ার্ডের বিজয়ীদের মধ্যে রয়েছে মাস্টারকার্ড বাংলাদেশ, যারা বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালুর জন্য “মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার” ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে ছিল সিটি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, মিল্ভিক বাংলাদেশ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, এসএসএল ওয়্যারলেস, সেবা ফিনটেক, ডানা ফিনটেক, ব্যাংক এশিয়া, বিকাশ এবং পাঠাও লিমিটেড।
এছাড়াও অনারেবল মেনশনের মধ্যে রয়েছে- সিটি ব্যাংক পিএলসি, মিল্ভিক বাংলাদেশ, বিকাশ, পাঠাও, সেবা ফিনটেক, আইপিডিসি ফাইন্যান্স, এসএসএল ওয়্যারলেস, এনালাইজেন বাংলাদেশ ও গোল্ড কিনেন।
বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর, ড. আহসান এইচ মনসুর এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা, শরিফুল ইসলাম।
বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এবং মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পিএলসির সঞ্চালনায় ৮ নভেম্বর রাতে অনুষ্ঠিত হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। এই বছর সম্মাননাটির জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়ে। ১৩ জন অভিজ্ঞ জুরির সমন্বয়ে গঠিত ৪টি গ্র্যান্ড জুরি সেশন এবং একাধিক শর্ট লিস্টিং জুরির মাধ্যমে প্রতিটি মনোনয়নকে ধাপে ধাপে পর্যালোচনা করে মূল্যায়ন করা হয়। ব্যাংকিং ও আর্থিক সেবা খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই জুরি প্যানেলের বহুমাত্রিক মূল্যায়নের লক্ষ্য ছিল স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং মানসম্মত নির্বাচন নিশ্চিত করা।
ডিবিটেক/এসি/ইক



