ঈদুল আজহায় টানা ৭ দিন ব্যাংক বন্ধ: বাংলাদেশ ব্যাংক

নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেন ও এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেন ও এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
২১ মে, ২০২৬ ১৬:৩৭  

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির সময়ে গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকগুলোর অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটির দিনগুলোতে পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো ডিজিটাল মাধ্যমগুলো সার্বক্ষণিক সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

 ২১ মে, বৃহস্পতিবার  কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, দীর্ঘ ছুটির সময়ে গ্রাহক যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক সেবা সচল রাখার পাশাপাশি কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে। বুথগুলোর সার্বিক নিরাপত্তায় নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানে রাখা এবং ব্যাংকের কর্মকর্তাদের দিয়ে বুথ পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া পিওএস ও কিউআর কোডভিত্তিক কেনাকাটায় জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও গ্রাহক সেবার বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ডভিত্তিক (কার্ড নট প্রেজেন্ট) লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ‘টু ফ্যাক্টর অথেনটিফিকেশন’ (২এফএ) ব্যবস্থা চালু রাখতে হবে। একই সঙ্গে বিকাশ, রকেট বা নগদের মতো এমএফএস সেবাদাতা ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে এজেন্ট পয়েন্টগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ বা ক্যাশ-ইন সরবরাহ নিশ্চিত করতে হবে। ছুটির সময়ে গ্রাহক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখা এবং যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংক ও পেমেন্ট সার্ভিস অপারেটরদের প্রধান নির্বাহীদের কাছে ইতিমধ্যেই এই নির্দেশনা পাঠানো হয়েছে।

//ডিবিটেক/এপি/ইকে//