আন্তর্জাতিক প্রযুক্তি কমিউনিটিতে অবদানের জন্য ডট নেট ও ডেভেলপার ক্যাটাগরিতে সম্মাননা

মাইক্রোসফট এমভিপি হলেন ভিভাসফটের দুই প্রকৌশলী

  • ভিভাসফটের প্রকৌশলী মো. রিজওয়ান আনসারি এবং সত্যাদেবী কার্কি মাইক্রোসফট এমভিপি স্বীকৃতি পেয়েছেন
  • রিজওয়ান আনসারি টানা ৬ষ্ঠ বার এবং সত্যাদেবী কার্কি টানা ৫ম বার এ সম্মাননা অর্জন করলেন
  • বিশ্বব্যাপী প্রযুক্তি জ্ঞান বিনিময়, ওপেন সোর্স অবদান ও নেতৃত্বের স্বীকৃতিতে মাইক্রোসফট এই অ্যাওয়ার্ড দেয়

মাইক্রোসফট এমভিপি হলেন ভিভাসফটের দুই প্রকৌশলী
৩১ জুলাই, ২০২৬ ০০:০৩  

বিশ্বব্যাপী প্রযুক্তি কমিউনিটিতে প্রযুক্তিগত নেতৃত্ব, জ্ঞান বিনিময় এবং কমিউনিটি গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘মাইক্রোসফট মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল’ (MVP) অর্জন করেছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত সফটওয়্যার প্রকৌশল প্রতিষ্ঠান ভিভাসফট (VivaSoft)-এর দুই প্রকৌশলী।

স্বীকৃতিপ্রাপ্ত দুই প্রকৌশলী হলেন— ভিভাসফটের সফটওয়্যার আর্কিটেক্ট ও নেপালভিত্তিক অফশোর ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান মো. রিজওয়ান আনসারি এবং প্রতিষ্ঠানটির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সত্যাদেবী কার্কি। তারা দুজনই 'ডেভেলপার টেকনোলজিস' ক্যাটাগরিতে এই বৈশ্বিক সম্মাননা অর্জন করেছেন।

ধারাবাহিক সাফল্যের রেকর্ড
মাইক্রোসফট ডট নেট (.NET) প্রযুক্তি ক্ষেত্রে নিজের ধারাবাহিক দক্ষতা ও কমিউনিটি অবদানের মাধ্যমে টানা ষষ্ঠ বছরের মতো এমভিপি পদক ধরে রেখেছেন মো. রিজওয়ান আনসারি। অন্যদিকে ডেভেলপার টুলস ও ডট নেট প্রযুক্তিতে পঞ্চমবারের মতো এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি অর্জন করলেন সত্যাদেবী কার্কি।

প্রসঙ্গত, মাইক্রোসফট প্রতি বছর বিশ্বজুড়ে এমন প্রযুক্তি বিশেষজ্ঞদের এই সম্মাননা দেয়, যারা নিজেদের পেশাগত কাজের পাশাপাশি প্রযুক্তিভিত্তিক লেখালেখি, ওপেন সোর্সে অবদান, আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য, মেন্টরিং এবং তরুণ ডেভেলপারদের জ্ঞান বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করেন। প্রতি বছর কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে এটি নবায়ন করা হয়।

প্রকৌশলী ও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
ষষ্ঠবারের মতো স্বীকৃত পেয়ে মো. রিজওয়ান আনসারি বলেন, "এমভিপি স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে বড় সম্মানের। তবে এর চেয়েও আনন্দের বিষয় হলো কমিউনিটির সঙ্গে শেখা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। জ্ঞান তখনই মূল্যবান হয়, যখন তা অন্যের কাজে আসে।"

সত্যাদেবী কার্কি তার প্রতিক্রিয়ায় জানান, "এই প্রোগ্রাম আমাকে বিশ্বের সেরা প্রযুক্তিবিদদের সঙ্গে কাজের সুযোগ দিয়েছে। নতুন প্রজন্মের ডেভেলপারদের শিখতে ও শেখাতে এ অর্জন আমাকে আরও অনুপ্রাণিত করবে।"

ভিভাসফটের কো-ফাউন্ডার ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) শাফকাত আসিফ বলেন, "একটি শক্তিশালী সফটওয়্যার প্রতিষ্ঠান গড়ে ওঠে শেখার মানসিকতাসম্পন্ন প্রকৌশলীদের মাধ্যমে। রিজওয়ান ও সত্যাদেবীর এই অর্জন তাদের ব্যক্তিগত নিষ্ঠার ফল এবং আমাদের এমন এক কর্মপরিবেশের প্রতিফলন, যা কর্মীদের বৈশ্বিক সক্ষমতা প্রকাশের সুযোগ দেয়।"

বাংলাদেশের সফটওয়্যার খাত যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজস্ব স্থান শক্ত করছে, তখন দেশীয় প্রতিষ্ঠানের দুই শীর্ষ প্রকৌশলীর এই অর্জন বৈশ্বিক তথ্যপ্রযুক্তি বাজারে বাংলাদেশের প্রকৌশলীদের পেশাগত দক্ষতার আরেক উজ্জ্বল দলিল।
//ডিবিটেক/ কেএনএস/ এসআইএম//