ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা এবং বিদেশেও ব্যয় বেড়েছে
দেশে ক্রেডিট কার্ডের লেনদেনে রেকর্ড বৃদ্ধি
- দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের ব্যবহার বার্ষিক ভিত্তিতে ৩৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে
- মে মাসে ক্রেডিট কার্ডের মোট লেনদেন দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকায়
- ক্রমবর্ধমান ব্যবহারের কারণে ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে
দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। পর্যবেক্ষণ বলছে, মূল্যছাড় ও কিস্তি সুবিধার সুযোগ নিয়ে পারিবারিক ভোগব্যয় মেটাতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা, যা আগের মাস এপ্রিলের ৩ হাজার ৮৬৮ কোটি টাকার তুলনায় ১০ দশমিক ৮৫ শতাংশ বেশি। ২০২৫ সালের মে মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বছরভিত্তিক ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেশের ভেতর ও বাইরে ক্রেডিট কার্ডের এই ক্রমবর্ধমান ব্যয়ের চিত্র উঠে এসেছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ভোক্তাদের খুচরা কেনাকাটা অব্যাহত থাকায় এ প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে।
মে মাসে দেশের মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে।
এদিকে, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণও বেড়েছে। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি কার্ডধারীরা ৪২৫ কোটি টাকার লেনদেন করেছেন। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের গন্তব্য বিশ্লেষণে দেখা যায় যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, যার অংশ ১৭ দশমিক ৩ শতাংশ। ব্যয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য এবং মে মাসে সৌদি আরবে বাংলাদেশিদের কার্ড ব্যয় আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।
অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে মে মাসে ৩১২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা বছরভিত্তিক হিসাবে ১২ দশমিক ৬৩ শতাংশ বেশি। মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা।
প্রসঙ্গত, দেশের ভেতরে ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সম্প্রতি ক্রেডিটকার্ডের ঋণসীমা সর্বোচ্চ ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সুদের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ২৫ শতাংশ।
//ডিবিটেক/ করেসপন্ডেন্ট/ইডিপি//





